ব্রাডম্যানের রেকর্ড ভাঙলেন কোহলি

নিউজ ডেস্ক:

টেস্ট ক্রিকেটে শেষ সেঞ্চুরি এসেছিল গত বছরের ডিসেম্বরে। পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই শতরানের পর চলতি বছরে পাঁচদিনের ফরম্যাটে পাননি তিন অঙ্কের রান। অবশেষে সেই খরা কাটল শুক্রবার। ২৬তম টেস্ট সেঞ্চুরি এলো বিরাট কোহলির ব্যাট থেকে। আর এই ইনিংসে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানেরও এক রেকর্ড ভাঙলেন ভারত অধিনায়ক।

পুনেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট অধিনায়ক হিসেবে বিরাটের ৫০তম। ভারতীয় ক্রিকেটে এর চেয়ে বেশি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন একমাত্র মহেন্দ্র সিংহ ধোনি। তিনি দলকে ৬০টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। কোহলি পুনে টেস্টে সৌরভ গাঙ্গুলীর ৪৯ টেস্টে অধিনায়ক থাকার রেকর্ড টপকে গিয়েছেন। আর সেই টেস্টেই কেরিয়ারের ২৬তম সেঞ্চুরি করলেন কোহলি।

অধিনায়ক হিসেবে এটা ১৯তম টেস্ট সেঞ্চুরি তিরিশ বছর বয়সী কোহলির। একইসঙ্গে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের রেকর্ডও স্পর্শ করলেন তিনি। অধিনায়ক হিসেবে টেস্টে পন্টিংও ১৯ শতরান করেছিলেন। এই তালিকায় শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ। অধিনায়ক হিসেবে গ্রেম স্মিথের টেস্টে ২৫ সেঞ্চুরি রয়েছে।

এই শতরানের সঙ্গে সঙ্গে আট টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে ঘরের মাঠে ও বাইরে সেঞ্চুরি করে ফেললেন তিনি। এর আগে ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টে শতরান ছিল না তার। একইসঙ্গে, ভারতীয়দের মধ্যে পঞ্চাশকে একশো রানে পরিণত করার ‘কনভার্সন রেট’-এর বিচারে শীর্ষে চলে এলেন তিনি। কোহালির ‘কনভার্সন রেট’ ৫৩.১ শতাংশ। তিনি টপকালেন আজহার উদ্দিনকে। প্রাক্তন ভারত অধিনায়কের ‘কনভার্সন রেট’ ছিল ৫২.১ শতাংশ। বিশ্বক্রিকেটে ডোনাল্ড ব্র্যাডম্যানের ‘কনভার্সন রেট’ সবচেয়ে বেশি, ৬৯ শতাংশ।

আর এক রেকর্ডে অবশ্য স্যার ডনকেও টপকে গেলেন কোহালি। টেস্টে অধিনায়ক হিসেবে মোট আটবার দেড়শর গণ্ডি পেরিয়ে গিয়েছিলেন ব্র্যাডম্যান। শুক্রবার পুনেতে কোহলি অধিনায়ক হিসেবে টেস্টে নয় বার দেড়শ করলেন। তবে ব্র্যাডম্যান তা করেছিলেন অধিনায়ক হিসেবে ২৪ টেস্টে। কোহালির এলো অধিনায়ক হিসেবে ৫০ টেস্টে।

এ দিন টেস্টে মোট রানে কোহালি টপকে গেলেন দিলীপ বেঙ্গসরকরকে (৬৮৬৮ রান)। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে মোট রানে তিনি এখন সাত নম্বরে। শচীন টেন্ডুলকার (১৫,৯২১), রাহুল দ্রাবিড় (১৩,২৬৫), সুনীল গাভাস্কার (১০,১২২), ভিভিএস লক্ষ্মণ (৮৭৮১), বীরেন্দ্র শেবাগ (৮৫০৩), সৌরভ গাঙ্গুলী (৭২১২) পরই রয়েছেন কোহলি।

সূত্র: ইত্তেফাক অনলাইন।

Leave a Reply