মেসিকে ছাড়লে বার্সেলোনা সভাপতিকে জেলেও যেতে হতে পারে?

অনললাইন ডেস্ক:

লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি অনুসারে মৌসুম শেষ হওয়ার ২০ দিন আগে চাইলে নতুন ক্লাবে যেতে পারেন আর্জেন্টাইন সুপারস্টার। চুক্তির সে শর্ত দেখিয়ে গত ২৫ আগস্ট বুরোফ্যাক্সের মাধ্যমে ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন মেসি।

বার্সেলোনার দাবি ১০ জুনের আগে মেসি চাইলে ক্লাব ছাড়তে পারতেন। সেই সময় শেষ হয়ে যাওয়ায় এখন ক্লাব ছাড়তে হলে মেসিকে ৭০ কোটি ইউরো দিতে হবে। মেসি চাচ্ছেন বিনামূল্যে নতুন ক্লাবে যেতে। এনিয়েই উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে।

বিবিসির স্প্যানিশ সাংবাদিক গিয়েম বালাগে টুইটারে মেসির দলবদল নিয়ে বলেছেন, মেসিকে ছাড়তে না চাওয়ার বহু কারণই আছে বার্সেলোনার সভাপতি হোসেপ মারিয়া বার্তোমেউর। সর্বকালের সেরা খেলোয়াড়কে হারানোর প্রভাব মাঠে পড়বে, মেসির মতো তারকাকে হারানোর ফলে ক্লাব আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হবে। আর ক্লাবের ইতিহাস মনে রাখবে বার্তোমেউই সেই সভাপতি যিনি মেসিকে ক্লাব ছাড়তে দিয়েছেন।

বালাগের বলেছেন, বার্তোমেউ তার প্রতিদ্বন্দ্বীদের শক্তিশালী করতে চান না। তিনি যদি মেসিকে এখন কমদামে বা বিনা মূল্যে বিক্রি করেন, পরবর্তী ক্লাব সভাপতি কিংবা ক্লাবের মৌসুম টিকিটধারীরা সম্পদের অপব্যবহার করার অভিযোগ তুলতে পারেন তার বিরুদ্ধে। এর ফলে তার নিজের পকেট থেকে বিশাল ক্ষতিপূরণ দিতে হতে পারে। কিংবা জেলেও যেতে হতে পারে! তাই মেসির ক্লাব ছাড়া শেষ পর্যন্ত আটকাতে চান বার্তোমেউ। সুত্র: যুগান্তর অনলাইন

এম২৪নিউজ/এসএ