
অনলাইন ডেস্ক:
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের এখনই অপসারণ করা হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ। যাচাই-বাছাই করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
সোমবার (১৯ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
এই উপদেষ্টা বলেন, সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদেও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এই সরকার রুটিন সরকার নয়। একটা বিপ্লবের মাধ্যমে ছাত্র, জনতা, সেনা সবার সম্মিলিতভাবে দেশের প্রতিটি জায়গার মানুষের আন্দোলনের ফলে এই সরকার এসেছে। আমরা তাদেরই প্রতিনিধি। ছাত্র, জনতা, সেনারা যে দাবি-দাওয়া কার্যকরের জন্য আমাদের ওপর বিশ্বাস রেখেছে, সেটার প্রতিনিধি হিসেবে আমরা কাজ করছি।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসারণের কোনো সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে এ এফ হাসান আরিফ বলেন, ইউনিয়ন পরিষদে এখন হাত দিচ্ছি না। যাচাই-বাছাই করে দেখা যাক সেখানে কার্যক্রম কী রকম আছে। যদি পরে প্রয়োজন হয় বা প্রয়োজনের তাগিদে কোনো পদক্ষেপ নিতে হয় সেটি নেওয়া হবে। আর দৈনন্দিন যে কাজগুলো নিয়ে প্রত্যেকের আগ্রহের জায়গা ছিল যেমন জন্ম-মৃত্যু নিবন্ধনসহ অন্যান্য যে কাজগুলো দৈনন্দিন করতে হয়, সেগুলো যেন চালু থাকে, গ্রামীণ পর্যায়ে উন্নয়ন কার্যক্রম যেন চলমান থাকে, সেজন্য প্রথমদিকেই স্থানীয় যারা সরকারি-কর্মচারী আছেন তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। সূত্র: জাগোনিউজ
এম২৪নিউজ/আখতার