করোনার মধ্যেই কুয়েত থেকে দেশে ফিরলেন ১২৬ বাংলাদেশি

অনলাইন ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের মধ্যেই কুয়েতের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন ১২৬ বাংলাদেশি।

সোমবার সন্ধ্যায় আল জাজিরা এয়ারলাইন্স যোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান।

তিনি বলেন, যে ১২৬ জন বাংলাদেশি নাগরিক দেশে এসেছেন তাদের মধ্যে ১২৫ জন পুরুষ আর ১ জন নারী। এর মধ্যে ৪০ জনের পাসপোর্ট আছে বাকিদের পাসপোর্ট নেই। যাদের পাসপোর্ট নেই তারা আউট পাস নিয়ে দেশে এসেছেন।

তিনি আরো বলেন, যারা এসেছেন তারা প্রত্যেকই কোনো না কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। কেউ চুরি, মাদকাসক্ত বা অন্যান্য কারণে কুয়েতের কারাগারে ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাগজে সেটা লেখা রয়েছে। তাদের প্রত্যেকের যেহেতু সার্টিফিকেট রয়েছে সেহেতু তাদের হোম কোয়ারেনটাইনে থাকতে বলা হয়েছে। এই নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে বলেও জানিয়ে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

সূত্র: ডেইলী বাংলাদেশ।