
নিউজ ডেস্ক:
দীর্ঘ দিন পর আব্বাস উদ্দিনের সেই ঐতিহাসিক চিলমারীতে ফের নৌ বন্দর চালু হতে যাচ্ছে। শুক্রবার দুপুরে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী চিলমারী নৌ বন্দরের জন্য প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, ইতোমধ্যে ৩ শ’ কোটি টাকা ব্যয়ে মূল বন্দর ও একটি যাত্রী টার্মিনাল নির্মাণ প্রকল্প গ্রহন করা হয়েছে। প্রকল্পটি পনের দিনের মধ্যে অনুমোদনের জন্য একনেক বেঠকে উত্থাপিত হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘বন্দরটি চালু হয়ে গেলে, এই এলাকার অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন ঘটবে’।
এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিকও গণ শিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন, নৌ ও পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ভোলানাথ দে, জেলা প্রশাসক সুলতানা পারভীন, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান প্রমুখ।
নৌ ও পরিবহন প্রতিমন্ত্রী সকাল ৯টায় হেলিকেপ্টারযোগে চিলমারী থানাহাট হ্যালিপ্যাডে নামেন। এরপর তিনি টেরেডেস হোমস ফাউন্ডেশনে জেলার দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি চিলমারী নৌ-বন্দর পরিদর্শনে যান।
উল্লেখ্য, শিল্পী আব্বাস উদ্দিনের ‘ওকি গাড়িয়াল ভাই, হাঁকাও গাড়ি তুই চিলমারীর বন্দরে’ গানের মধ্য দিয়ে চিলমারী বন্দরটি আর্ন্তজাতিকভাবে ব্যাপক পরিচিতি লাভ করে। কালের বির্বতনে ব্রহ্মপুত্র নদের নাব্যতা হারিয়ে বন্দরটি অকার্যকর হয়ে পড়ে।
সংগৃহীত