
নিউজ ডেস্ক:
রংপুরে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় কলেজ পড়ুয়া এক ছাত্রীকে জোরপূর্বক অপহরণের সময় টাইগার গ্রুপ নামে কিশোর অপরাধ গ্যাংয়ের সাত জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় রংপুর মহানগরী সাহেবগঞ্জ বুদুকমলা এলাকার একটি ইটভাটার সামন থেকে অপহরণকারীদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে কলেজ পড়ুয়া ছাত্রী অটোবাইকে করে বাড়ি ফিরছিলেন। এসময় অপহরণকারী সংঘবদ্ধ হয়ে বুদুকমলা এলাকার দিনার ইটভাটার সামনে অটো চালকের গতিরোধ করে। ধারালো দেশীয় অস্ত্র ঠেকিয়ে চালককে জিম্মি করে অটোতে থাকা ওই ছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়। এসময় অটো চালকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয়দের সংবাদে পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাসসহ অপহরণকারীদের আটক করে।
আটকরা হলেন; আসাদুজ্জামান শুভ (২৫), শুকুর আলী (২০), আলম হোসেন (২২), নাহিদ (১৯) আশিকুর চৌধুরি (২২), মাহি ইসলাম রুবেল (২২) ও মাইক্রোবাস চালক মনোয়ারুল (২৫)। এরা হারাগাছ এলাকায় টাইগার গ্রুপ নামে কিশোর গ্যাং গড়ে তুলেছে বলে জানা গেছে।
এদিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন হারাগাছ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম নাজমুল কাদের। তিনি জানান, কলেজ পড়ুয়া ওই ছাত্রীর সাথে দুই বছর আগে প্রেমের সম্পর্কের ছিন্ন হয়। কিছুদিন আগে বিয়ের প্রস্তাব পাঠালে মেয়ের পরিবার এতে রাজি না হওয়ায় ক্ষুদ্ধ হয়ে উঠে প্রেমিক আসাদুজ্জামান শুভ। সেই সূত্র ধরে শুক্রবার সন্ধ্যায় প্রাইভেট শেষে বাড়ি ফেরার সময় সাবেক প্রেমিকাকে পূর্বপরিকল্পনানুযায়ী জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণের চেষ্টা করলে এলাকাবাসীর সহযোগিতায় শুভকে সহ টাইগার গ্রুপের সকলকে আটক করা হয়।
আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়াসহ অনীত বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) ফারুক আহম্মেদ।
তিনি বলেন, ওই কলেজ ছাত্রীকে মাইক্রোবাসে মুখ বেঁধে জোরপূর্বক অপহরণ করার সময়ই কিশোর গ্যাং টাইগার গ্রুপের প্রধান আসাদুজ্জামান শুভসহ তার সঙ্গীদের আটক করা হয়েছে।
সূত্র: উত্তরবাংলা।