শনিবার থেকে রংপুরে ৪৫ টাকায় টিসিবির পেঁয়াজ বিক্রি

নিউজ ডেস্ক:

৪৫ টাকা মূল্যে সারাদেশের বিভাগ ও জেলা পর্যায়ে পেঁয়াজ বিক্রি জোরদার করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)। কর্মসূচীর আওতায় আগামী শনিবার থেকে রংপুরে ৪৫ টাকায় টিসিবির পেঁয়াজ বিক্রি করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন টিসিবির মুখপাত্র মোঃ হুমায়ুন কবীর।

রংপুর টিসিবি সুত্রে জানা গেছে, রাজধানীসহ সারা দেশে বিভাগ ও জেলা পার্যায়ে ৪৫ টাকা মূল্যে পেঁয়াজ বিক্রি জোরদার করেছে টিসিবি। রংপুর নগরীর ৫টি গুরুত্বপূর্ণ স্থানে ট্রাক সেলের মাধ্যমে পেঁয়াজ বিক্রি করা হবে। নগরীর ডিসির মোড়, সিওবাজার, প্রেসক্লাব, সিটি বাজার ও শাপলা চত্বরে টিসিবির ট্রাকে পেঁয়াজ বিক্রি করা হবে।

এছাড়াও নগরীর অন্যান্য মোড়ে পর্যায়ক্রমে ট্রাকে করে পেঁয়াজ বিক্রি করা হবে। ট্রাকে পেঁয়াজ বিক্রি না হওয়া পর্যন্ত গ্রাহকরা এ সুবিধা পাবে। প্রতি ট্রাকে ভোক্তা ১ কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন। রংপুর টিসিবি অফিস পেঁয়াজ বিক্রির বিষয়টি মনিটরিং করবে ও গ্রাহকদের সুবিধার্তে জনসমাগম স্থলে ট্রাক রেখে পেঁয়াজ বিক্রি করবে। সপ্তাহের প্রতি রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টিসিবির পেঁয়াজ বিক্রি চলবে।

টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রির খবর জানতে পেরে বাজারে আসা ক্রেতা ছাত্র রাকিব, গৃহিনী আশা মনি ও প্রাইভেট চাকুরীজীবী শাহজাহান মিয়া জানান, এটি খুবই খুশির বিষয়। আমরা অনেকদিন থেকেই অপেক্ষা করছি পেঁয়াজের জন্য। ব্যবসায়ীরা ইচ্ছেমতো আমাদের জিম্মি করে কয়েকদিন ফায়দা হাছিল করেছে। এ কারণে আমরা অনেকেই পেঁয়াজ কেনা ও ব্যবহার কমিয়ে দিয়েছিলাম।

১ কেজি করে ট্রাকে টিসিবির পেঁয়াজ বিক্রিও মন্দ না। তবে টিসিবি যেন পচা ও নষ্ট পেঁয়াজ বিক্রি না করে। এতে করে আমাদের কষ্টটা বেড়ে যায়। তাছাড়া যেহেতু সবার টার্গেট পেঁয়াজ এজন্য নগরীর শুধু ৫টি পয়েন্টেই না, সকল পয়েন্টেই সপ্তাহে ১ দিন করে পেঁয়াজের ট্রাক যেন অবস্থান করে। তবে জনসাধারণের বিষয়টি মাথায় নিয়ে ও ব্যবসায়ীদের নিকট থেকে জিম্মি দশা থেকে মুক্তি দিতে সকলেই বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারকে টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রির স্বীদ্ধান্ত নেয়ায় সাধুবাদ জানান।

টিসিবির মুখপাত্র মোঃ হুমায়ুন কবীর বলেন, সরকার বিশেষ উদ্যোগ নিয়ে আকাশ ও সমুদ্র পথে পর্যাপ্ত পেঁয়াজ আমদানি শুরু করেছে। ইতিমধ্যে আকাশ ও সমুদ্র পথে পেঁয়াজের চালানগুলো দেশে পৌঁছাতে শুরু করেছে। বিভিন্ন এয়ারলাইন্সযোগে মিসর, তুরস্ক, পাকিস্তান থেকে এ সকল পেঁয়াজ আমদানি হচ্ছে।

সরকার পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ন্যায্য মূল্য নিশ্চিত করতে টিসিবি’র মাধ্যমে বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করেছে। দেশী পেঁয়াজ (পাতাসহ) পর্যাপ্ত বাজারে এসেছে। পেঁয়াজের মূল্যও দ্রুত গতিতে কমছে। এখন পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক হচ্ছে।

সূত্র: যুগের আলো।