চীনে আটকে পড়াদের ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিউজ ডেস্ক:

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে চীনে আটকা পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে পদক্ষেপ গ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ কথা জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ ব্যাপারে আমরা চীন সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তাদের ফিরিয়ে আনার উপায় বের করার জন্য পররাষ্ট্র দফতর করোনাভাইরাস আক্রান্ত অঞ্চলে চীনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরিকল্পনা করেছে। কারণ, সেখানে লোকজনের প্রবেশ এবং বেরিয়ে আসা বন্ধ করে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

যারা দেশে ফিরতে চান আজকের মধ্যেই তাদের তালিকা তৈরির প্রাথমিক নির্দেশনা দেয়া হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের নাগরিকদের নিরাপত্তাই প্রধান লক্ষ্য। ভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে জরুরি সহায়তা প্রদানের প্রয়োজনে বেইজিংয়ের বাংলাদেশি দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের যোগাযোগের জন্য এরইমধ্যে ২৪ ঘণ্টা হটলাইন চালু করেছে।

হটলাইন নম্বর +৮৬ ১৭৮-০১১১-৬০০৫ এবং এ নম্বরটি চীনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষত শিক্ষার্থী ও গবেষকদের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

ভাইরাস আক্রান্ত অঞ্চল উহানে বর্তমানে প্রায় ৩শ’ থেকে ৪শ’ বাংলাদেশি শিক্ষার্থী অবস্থান করছে। বাংলাদেশি দূতাবাস এর আগে জানিয়েছিল, বেইজিংয়ে বাংলাদেশি মিশন তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।

চীনে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার মৃতের সংখ্যা ৮০ জনে দাঁড়িয়েছে। আরো কয়েকশ’ জন নতুন করে এই রোগে আক্রান্ত হওয়ায় তাদের আলাদা করে এবং ভ্রমণ বন্ধ রাখা হয়েছে। বিদেশি সরকারগুলো চীনে আটকে পড়া তাদের নাগরিকদের সহায়তা দেয়ার চেষ্টা চালাচ্ছে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।