দেশের বিভিন্ন স্থানে দুই ছাত্রলীগ নেতাসহ সড়ক দুর্ঘটনায় নিহত আট

কুমিল্লায় বাসচাপায় নিহত ছাত্রলীগ নেতা কাজল ও সজল এবং প্রবাসী শাহীন। ছবি—ইত্তেফাক

মিঠাপুকুর২৪নিউজ

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের দুই নেতাসহ আট জন নিহত হয়েছেন। গত শনিবার ও গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে। দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত (১৬/০৯/২০১৯) খবর—

কুমিল্লা : কুমিল্লায় উলটো পথে আসা শ্যামলী পরিবহনের দ্রুতগতির একটি বাসের চাপায় ছাত্রলীগের দুই নেতাসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার সদর দক্ষিণ উপজেলার সানন্দা গ্রামের আবদুস ছাদেকের ছেলে ও বিজয়পুর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজল হোসাইন (২৭), একই ইউনিয়নের লালমতি গ্রামের হুমায়ুন কবির মেম্বারের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের অর্থ সম্পাদক তৌকির আহমেদ সজল (২৬) এবং একই গ্রামের আবদুল লতিফের ছেলে প্রবাসী শাহীন আহমেদ (২৬)। কাজল কুমিল্লা ভিক্টোরিয়া ডিগ্রি কলেজের মাস্টার্স এবং সজল একই কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

চট্টগ্রাম :বাসের জানালা দিয়ে মাথা বের করে সহকর্মীকে ডাকতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে আঘাত পেয়ে চট্টগ্রামে প্রাণ হারালেন এক পোশাকশ্রমিক। নিহত মোজাম্মেল হক (২৬) পটিয়া উপজেলার কৈয়া গ্রামের ওসমান গণির ছেলে। তিনি কর্ণফুলীর খোয়াজনগরের আজিমপাড়া এলাকায় বেলামি টেক্সটাইল লিমিটেডের শ্রমিক ছিলেন। শনিবার রাতে কর্ণফুলী উপজেলার খোয়াজনগর সৈন্যারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ :গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পারভেজ শেখ (৩০) নামে এক ভ্যানচালক নিহত হন এবং আহত হয়েছেন পাঁচ জন বাসযাত্রী। গতকাল গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার দত্তডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। পারভেজ বাগেরহাট সদর উপজেলার গোপালকাঠি গ্রামের বাসিন্দা।

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) : মীর্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের ভয়াং-সিংবাড়ি রাস্তার দাসের খালের ব্রিজ-সংলগ্ন এলাকায় শনিবার চন্দ্রভানু (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। চন্দ্রভানু উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের আজাহার আকনের স্ত্রী।

পঞ্চগড় :পঞ্চগড়ে অটোর ধাক্কায় মাহিন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল জেলার সদর উপজেলার আমলাহার-ধাক্কামারা সড়কের বুড়িরবান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটি সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঙ্গলগাঁ গ্রামের রিপন আলীর ছেলে।

মুন্সীগঞ্জ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলায় বাসচাপায় তাজুল ইসলাম (৭৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বালুয়াকান্দিতে এ ঘটনা ঘটে। তাজুল গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা।

বাকেরগঞ্জ (বরিশাল) : বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বাকেরগঞ্জের আউলিয়াপুরে প্রেমিক যুগলকে বাঁচাতে ৩২৫টি গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। প্রেমিক যুগলকে পাওয়া যায়নি। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Leave a Reply