বাংলা ক্যালেন্ডারে আবারও পরিবর্তন

জাতীয় ঐতিহাসিক দিনের সঙ্গে সমন্বয়

নিউজ ডেস্ক:

বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে জড়িত ঐতিহাসিক দিবসগুলোকে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করার জন্য বাংলা ক্যালেন্ডার পরিবর্তন করা হয়েছে। তবে এই পরিবর্তন কেবল বাংলাদেশের জন্যই করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে যেখানে বাংলা একটি অন্যতম রাষ্ট্রভাষা সেখানে এই পরিবর্তন করা হয়নি। এখন থেকে পয়লা বৈশাখসহ জাতীয় গুরুত্বপূর্ণ দিনগুলো নির্দিষ্ট দিনে পালন হবে।

কী পরিবর্তন?

বাংলাদেশে নতুন বর্ষপঞ্জি অনুযায়ী এখন থেকে বাংলা বছরের প্রথম ছয় মাস ৩১ দিনে হবে। এর আগে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র-বছরের প্রথম এই পাঁচ মাস ৩১ দিন গণনা করা হতো। এখন ফাল্গুন মাস ছাড়া অন্য পাঁচ মাস ৩০ দিনে পালন করা হবে। ফাল্গুন মাস হবে ২৯ দিনের, কেবল লিপইয়ারের বছর ফাল্গুন ৩০ দিনের মাস হবে। বাংলা বর্ষপঞ্জি পরিবর্তনের কাজটি করেছে বাংলা একাডেমির গবেষণা, সংকলন এবং অভিধান ও বিশ্বকোষ বিভাগ। এ বিভাগের পরিচালক মোহাম্মদ মোবারক হোসেন বলেন, ২১ শে ফেব্রুয়ারি, ১৬ ই ডিসেম্বর, ২৬ শে মার্চের মতো গুরুত্বপূর্ণ জাতীয় দিবসগুলো বাংলা ক্যালেন্ডার অনুযায়ী যে দিনে অনুষ্ঠিত হয়েছিল, সেই দিনে পালন করা হবে। যেমন ২১ শে ফেব্রুয়ারি, যা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়, ১৯৫২ সালে ভাষার দাবিতে নামা মিছিলে গুলি চালানোর সেই ঘটনা ঘটেছিল বাংলা ৮ই ফাল্গুনে।

কিন্তু বছর ঘুরে অধিকাংশ সময়ই এখন ২১ শে ফেব্রুয়ারি গিয়ে পড়ে ৯ই ফাল্গুনে। যা নিয়ে বিভিন্ন সময় লেখক, কবি, সাহিত্যিকসহ অনেকে আপত্তি জানিয়েছিলেন। তিনি বলেন, একইভাবে বাংলাদেশের বিজয় দিবস ১৬ ই ডিসেম্বর, ১৯৭১ সালের ঐ দিনটি ছিল পয়লা পৌষ, কিন্তু বাংলা পঞ্জিকায় দিনটি পড়তো দোসরা পৌষ। আবার রবীন্দ্রজয়ন্তী ও নজরুলজয়ন্তী এবং তাদের মৃত্যুদিনও বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী যে দিনে হয়েছিল, তার সঙ্গে গ্রেগরিয়ান বর্ষপঞ্জির দিন মেলে না। কিন্তু নতুন নিয়মে দুই বর্ষপঞ্জির মধ্যে দিন গণনার সমন্বয় করা হয়েছে।

কবে থেকে পরিবর্তন?

মোবারক হোসেন বলেন, এই পরিবর্তন মূলত চলতি ১৪২৬ বঙ্গাব্দের প্রথম দিন থেকে চালু হয়েছে। কিন্তু আগের নিয়ম অনুযায়ী যেহেতু প্রথম পাঁচ মাস ৩১ দিনেই হয়ে থাকে, সে কারণে আশ্বিন মাস পর্যন্ত পরিবর্তন টের পাওয়া যায়নি। নতুন ক্যালেন্ডার অনুযায়ী মঙ্গলবার প্রথমবারের মতো ৩১ দিনের আশ্বিন মাস গণনা করা হয়েছে। বুধবার ১৭ ই অক্টোবর পয়লা কার্তিক গণনা শুরু হওয়ায়, আজই নতুন ক্যালেন্ডারের পরিবর্তন প্রথম দেখা যায়।

সূত্র: দৈনিক ইত্তেফাক (শেষ পৃষ্ঠা- ১৮.১০.২০১৯)

Leave a Reply