‘শিথিল হচ্ছে’ বিধিনিষেধ, ঈদে চলতে পারে গণপরিবহন

অনলাইন ডেস্ক:

দেশে চলমান বিধিনিষেধ সীমিত আকারে শিথিল হলে গণপরিবহন সীমিত আকারেই চলবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

রোববার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

নৌপ্রতিমন্ত্রী বলেন, জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির পরামর্শে চলমান বিধিনিষেধ আবারো বাড়তে পারে। তবে বিধিনিষেধ পুরোপুরি উঠে গেলে পরিবহনও পুরোপুরিই চলবে।

প্রতিমন্ত্রীর মতে, আগামী ১৪ জুলাই পর্যন্ত বিধিনিষেধের সময়সীমা রয়েছে। আমাদের টেকনিক্যাল কমিটিতে (জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি) যারা রয়েছেন, তাদের পরামর্শে সরকার যদি মনে করে বিধিনিষেধ এগিয়ে নেয়া প্রয়োজন, সেটিও হতে পারে। সবকিছুই এখন পরিস্থিতির ওপর নির্ভর করছে। এছাড়া বেঁচে থাকলে জীবনে ঈদ অনেকবার আসবে। আমাদের এ অবস্থা থেকে বের হতেই বিধিনিষেধ দেওয়া হয়েছে, সেটি সবার মানা উচিত।

সব নাগরিকের সচেতন হওয়া আহ্বান জানিয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘জানি ঘরে থাকা কঠিন। যুদ্ধক্ষেত্রেও মানুষ ঘরে থাকতে চায় না। কিন্তু এটাও একটা যুদ্ধ। এটাকে না মানায় পরিস্থিতি ভয়াবহ হয়ে গেছে। গ্রামে অনেকে করোনা টেস্ট করছে না, অনেকে মারা যাচ্ছেন। সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চললে, আমরা সুফল পাবো।’ সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply