
নিউজ ডেস্ক:
সারাদেশের পরিবেশ এখন নাতিশীতোষ্ণ। মেঘের জটলা কমে দিনের তাপমাত্রা রয়েছে স্বাভাবিক। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাই ধারণা করা যাচ্ছে, চলতি মাস থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে। আর শীত আসবে ডিসেম্বরে।
আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, আগামী সাত দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, এখন থেকে আর তাপমাত্রা বাড়ার সুযোগ নেই বরং তাপমাত্রা পর্যায়ক্রমে কমতে থাকবে। প্রকৃতিতে শীতের প্রভাব পড়তে শুরু করেছে। ফলে ভোররাতে ও সন্ধ্যায় কুয়াশার দেখা মিলতে পারে। এছাড়াও এসময় কিছুটা ঠাণ্ডা অনুভূত হবে। ডিসেম্বর থেকে শুরু হবে শীত। শীতের প্রভাব ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে।
আবহাওয়ার দৃশ্যপটে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
সূত্র: ডেইলি বাংলাদেশ