সংকটাপন্ন মানুষের ঘরে ঘরে গিয়ে সেনাবাহিনীর মানবিক সহায়তা

 ফারাজী আজমল হোসেন:

মার্চ মাসের ২৫ তারিখ থেকে চলছে সাধারণ ছুটি আর লকডাউন। আর এই অসময়ে কর্মহীন হয়ে চরম বিপাকে হাঁসফাঁস অবস্থা খেটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর। এই জনগোষ্ঠীর সহায়তায় মাঠে নেমেছে দেশের অকুতোভয়ী সেনা সদস্যরা। নিজের জীবনের পরোয়া না করে খাদ্য সহায়তা নিয়ে বাড়ি বাড়ি ছুটছে তাঁরা।

সংকটময় এ পরিস্থিতি থেকে উত্তরণে, আঁধার কাটাতে অতি দরিদ্র মানুষের পাশে থাকার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে সরকার। এগিয়ে আসছে সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনও। চরম অভাবের জীবনে নিম্নবিত্তের কাছে কাঙ্ক্ষিত ত্রাণই যেন আবির্ভূত হচ্ছে ত্রাতা রূপে। কিন্তু বেশ কিছু স্থানে ত্রাণ বিতরণ হলেই পরোয়া করা হচ্ছে না সামাজিক দূরত্বের রীতি-নীতির। খাদ্য সঙ্কটে কোথাও কোথাও বেঁধেছে লড়াই। কঠিন এমন বাস্তবতায় কেবলমাত্র সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিতেই নিজেদের সীমাবদ্ধ রাখতে পারেনি সরকারের নির্দেশে দেশজুড়ে মাঠে থাকা বাংলাদেশ সেনাবাহিনী।

কোন জনসমাগম নয়, পরিষ্কার-পরিচ্ছন্ন গৃহবন্দী জীবন যাপনের শান্তির বার্তা ছড়িয়ে দেওয়াটাই এখন সেনাবাহিনীর ‘রুটিন ওয়ার্ক’। অদৃশ্য জীবাণু করোনার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কার্যত এ যুদ্ধের পাশাপাশি মানবতার পক্ষের লড়াইয়েও নিজেদের অবতীর্ণ করেছেন দেশপ্রেমিক সেনারা। মানবিকতা বোধে জাগ্রত হয়ে দেশের ৬২ টি জেলাতেই কর্মহীন গরিব ও দুস্থদের বাঁচিয়ে রাখতে নিত্য পণ্য বিতরণের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। হুড়োহুড়ি বা শোডাউন প্রবণতার বাইরে গিয়ে তারা গরিব ও দুস্থদের ত্রাণের প্যাকেট পৌঁছে দিচ্ছেন বাড়ি বাড়ি। কোথাও কোথাও আবার নীরবে-নিভৃতে; ঘুটঘুটে অন্ধকার রাতে।

কখনও কখনও আবার টহলের গাড়িতে থাকা ত্রাণ সামগ্রী তুলে দেয়া হচ্ছে ক্ষুধার জ্বালায় বাহিরে বের হয়ে আসা মানুষের হাতে। এ বিষয়ে যাবতীয় অর্থায়ন হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব উদ্যোগে; নিজেদের জন্য বরাদ্দকৃত রেশনের টাকায়। উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্বল্প আয়ের মানুষের পাশে থাকার সরকারি উদ্যোগে নিজেদের সহযাত্রী হিসেবে মানবিক নৈতিকতার মনোভাব নিয়ে পথচলার অঙ্গীকার করেছেন দেশপ্রেমিক অকুতোভয় সেনারা।

বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, বাঙালির গৌরবোজ্জ্বল স্বাধীনতার সংগ্রামের মূল চেতনাকে ধারণ করে পথচলা বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ শুরু থেকেই প্রধানমন্ত্রীর নির্দেশে করোনার বিরুদ্ধে যুদ্ধে শেষ পর্যন্ত মাঠে থাকার অঙ্গীকার করেছেন। অমিত দৃঢ়তায় তিনি উচ্চারণ করেছেন ‘আমরা সৈনিক, আমরা সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত।’ মাঠে থাকা সেনা সদস্যদের কার্যক্রম, রীতিনীতি এবং কঠোর মানসিকতার অগ্নি দেয়ালের পরিবর্তে মানবিক সার সত্যের নিগূঢ়তম বাস্তবতায় নিজেদের সমর্পণের ১৬ দফা কার্যকর নির্দেশনা প্রদান করেছেন।

নিজের বহুমাত্রিক মেধার বিকিরণে, বর্ণাঢ্য ব্যক্তিত্ব ও পেশাদারিত্বের আভায় নিজ বাহিনীর সদস্যদের এসব নির্দেশনা বাহিনীর সদস্যদের সাহস ও মনোবল বাড়ানোর পাশাপাশি করোনা সঙ্কুল পরিস্থিতির বিরুদ্ধে চলমান যুদ্ধে আক্ষরিক অর্থেই ‘টনিক’ হিসেবে কাজ করছে। নিজের নির্দেশনায় সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীকে ‘জনগণের প্রকৃত বন্ধু’ হিসেবে উল্লেখ করেছেন। মানবিক হৃদয় নিয়েই ধৈর্য, সহনশীলতা ও সৎ সাহসের পরিচয় দিয়ে জনগণের পাশে থেকে তাদের আস্থা অর্জনেও গুরুত্বারোপ করেছেন।

জাতির সংকটময় মুহূর্তে নিজেদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার মাধ্যমে দেশের আপামর মানুষের পাশে থেকে সেনাবাহিনীর ভাবমূর্তিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বলেছেন সেনাপ্রধান। সেনাপ্রধানের এ নির্দেশনায় করোনার মহাপ্রলয়ের সময়েও নির্ভীক সেনা সদস্যরা দরিদ্র ও অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে।

চট্টগ্রামে সামাজিক দূরত্ব নিশ্চিতে নিয়োজিত সেনাবাহিনীও তাদের কাজের কৌশলে কিছুটা পরিবর্তন এনেছে। প্রধান সড়কগুলোর পাশাপাশি পাড়া মহল্লাতেও চলছে তাদের টহল। একই সঙ্গে সড়কের পাশে অপেক্ষারত নিম্ন আয়ের মানুষদের দিচ্ছে ত্রাণ সহযোগিতা। এটি সেনা সদস্যদের নিজেদের ব্যক্তিগত উদ্যোগ। সেনা বাহিনীর টহল টিমের লিডার ক্যাপ্টেন সালমান বলেন, ‘করোনা মোকাবেলা করতে গিয়ে যাদের জীবনযাত্রা একদম স্থবির হয়ে গেছে তাদের জন্য আমরা কাজ করছি। অসহায় মানুষজনকে সাধ্যমতো খাবারের সহায়তা দেওয়ার চেষ্টা করছি।’

বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিনে প্রায় দুই হাজার পরিবারকে শুকনো খাবার, মাস্ক এবং এক হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

পাশাপাশি সেনাবাহিনীর তত্ত্বাবধানে বৃদ্ধ ও সহায়সম্বলহীন পরিবারকে নিয়মিতভাবে চিকিৎসা সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) আর্টডকের অন্তর্ভুক্ত প্রশিক্ষণ সেন্টার ও প্রতিষ্ঠানসমূহ বেসামরিক প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সদরদপ্তর আর্টডক এর অন্তর্ভুক্ত ৪০৩ ব্যাটল গ্রুপ ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকায় এবং চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী ও নাটোর এলাকায় অবস্থিত বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় স্ব স্ব এলাকায় দরিদ্র পরিবারের মাঝে শুকনো খাদ্য ও অন্যান্য সামগ্রী বিতরণ করেছে।

লক্ষ্মীপুরে টহলরত অবস্থায় সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার ১২০ জন অসহায় ও গরিব মানুষকে ত্রাণ সামগ্রী দিয়েছে সেনা সদস্যরা। এতে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি তেল ও দু’টি সাবান রয়েছে।

মাগুরা সদরে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাতের বেলায় নীরবে শুকনা খাবার সরবরাহ করেছে সেনা সদস্যরা। জেলার সদর উপজেলার তিনটি ইউনিয়নের হত দরিদ্র মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। নিজেদের আঙ্গিনায় কাঙ্ক্ষিত শুকনো খাবার পেয়ে খুশি অসহায় মানুষজন। মাগুরা সদর উপজেলার ১২ নম্বর চাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, ‘সেনা সদস্যদের এমন কার্যক্রমে গ্রামের অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে।’

শরীয়তপুরে সেনা সদস্যরা গ্রামে গিয়ে গিয়ে তালিকা তৈরি করে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। এতে উপকৃত হচ্ছেন বিভিন্ন এলাকার মধ্যবিত্ত পরিবারগুলো। রাতের রাতের আঁধারে সাধারণ মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

বাগেরহাটের বিভিন্ন এলাকায় সেনা টহল জোরদারের পাশাপাশি সদর উপজেলায় অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন সেনারা।

সুত্র: ইত্তেফাক অনলাইন।