
নিউজ ডেস্ক:
বিপুল টাকা বাড়ির সিন্ধুকে রাখার জায়গা নেই। তাই স্বর্ণ কিনে জমা করতেন আওয়ামী লীগ নেতা দুই ভাই এনামুল হক ও রূপন ভূঁইয়া। বড়ো ভাই এনামুল গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি, আর ছোটো ভাই রূপন যুগ্ম-সাধারণ সম্পাদক। এদের মধ্যে এনামুল ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের একজন শেয়ারহোল্ডার। গতকাল মঙ্গলবার র্যাব রাজধানীর পুরান ঢাকার ৩১ নম্বর বানিয়ানগরের বাসায় অভিযান চালিয়ে তিনটি সিন্দুক থেকে উদ্ধার করে নগদ ১ কোটি ৫ লাখ টাকা ও প্রায় সাড়ে ৮ কেজি (৭৩০ ভরি) স্বর্ণ।
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সফিউল্লাহ বুলবুল জানিয়েছেন, ক্যাসিনো থেকে আয়ের টাকা এনামুল বাসার সিন্দুকে ভরে রাখতেন। কিন্তু টাকা রাখার জায়গা হতো না বলে টাকার একটি অংশ তিনি স্বর্ণে রূপান্তর করেন। তিনি আরো বলেন, এনামুলের ভাই রুপন ইংলিশ রোড থেকে পাঁচটি সিন্দুক ভাড়া নিয়েছেন। এ খবরের ভিত্তিতেই আমরা দুই ভাইয়ের ব্যাপারে খোঁজ নিতে শুরু করি। তারই ধারাবাহিকতায় সোমবার মধ্যরাত থেকে অভিযান শুরু করি।
র্যাবের এ কর্মকর্তা আরো বলেন, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঐ তিন সিন্দুক খুলে নগদ ১ কোটি পাঁচ লাখ টাকা, ৭৩০ ভরি সোনার গয়না পাওয়া যায়। পাশাপাশি দুই জনের বাসা থেকে উদ্ধার করা হয় দুইটি পিস্তল, দুইটি এয়ারগান ও একটি শটগান। গতকাল দুপুরে লালমোহন সাহা স্ট্রিটে এনামুলের কর্মচারী ও যুবলীগ কর্মী আবুল কালামের বাসায় পাওয়া যায় একটি সিন্দুক। সেটি ভাঙার পর পাওয়া যায় ২ কোটি টাকা। ঐ বাসা থেকে একটি পিস্তলও উদ্ধার করে র্যাব। পঞ্চম সিন্দুকটি পাওয়া যায় শরত্গুপ্ত রোডে এনামুলের বন্ধু হারুন-অর-রশিদের বাসায়। সেখানে আরো অন্তত ২ কোটি টাকার সন্ধান মেলে।