১৮ থেকে ৩১ মার্চ পিএসসির পরীক্ষা কার্যক্রম স্থগিত

নিউজ ডেস্ক:

করোনা ভাইরাসের কারণে ১৮ মার্চ থেকে ৩১ শে মার্চ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সকল পরীক্ষার কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক জানান, পরীক্ষার কার্যক্রম স্থগিত থাকলেও পরীক্ষার ফলাফল প্রকাশ কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশে নতুন করে ৩ করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত ১ লাখ ৬৯ হাজার ৫৫২ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। ৬ হাজার ৫১৬ জনের প্রাণ কেড়েছে করোনা। এছাড়া ৭৭ হাজার ৭৫৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত ১৫৭টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র চীনেই এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৬০ এবং সেখানে মারা গেছে ৩ হাজার ২১৩ জন।

এদিকে, প্রাণঘাতী করোনা ভাইরাসে ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। রবিবার রেকর্ড সংখ্যক মৃত্যুতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮ শ’ ৯ জনে। সেই সঙ্গে আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে।

সূত্র: ইত্তেফাক অনলাইন।