৩০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি হবে: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আসন্ন রমজান মাসে বাজারে যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি না পায় সেজন্য কঠোর অবস্থান গ্রহণ করেছে সরকার। আরো ৩০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শুক্রবার দুপুরে নগরীর শালবন এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, পেঁয়াজের মূল্য যাতে বৃদ্ধি না পায় সেজন্য সারা বছর টিসিবির মাধ্যমে দেশে পেঁয়াজ বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে। 

বাণিজ্যমন্ত্রী বলেন, মুনাফালোভী সিন্ডিকেট চক্র যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেজন্য কঠোর নজরদারি নেয়া হয়েছে। যারাই এ ধরনের অশুভ তৎপরতায় জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, এবার রমজান উপলক্ষে ৩০ হাজার মেট্রিক টন তেল, বিপুল পরিমাণ ছোলা আর চিনি আমদানি করা হবে। এসব সামগ্রী রমজান শুরুর ১৫ দিন আগে দেশে চলে আসবে। ফলে কোনো সমস্যা হবে না।

চীনসহ বিশ্বের কয়েকটি দেশে মরণঘাতী করোনাভাইরাস প্রসঙ্গে তিনি বলেন, পুরো বিষয়টি সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে যাতে আমাদের দেশে এ রোগ ছড়িয়ে পড়তে না পারে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এ সময় চীনে আমাদের দেশের যেসব নাগরিক অবস্থান করছে তাদের দেশে ফিরিয়ে আনাসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

সূত্র: ডেইলী বাংলাদেশ।