৫৯৫ পুলিশ সদস্য পাচ্ছেন ‘আইজিপি ব্যাজ’

নিউজ ডেস্ক:

প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে ‘আইজিপি ব্যাজ’ পাচ্ছেন পুলিশের ৫৯৫ জন সদস্য। পুলিশ সপ্তাহ-২০২০ অনুষ্ঠানে ছয়টি বিশেষ ক্যাটাগরিতে মনোনীতরা পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এই পুরস্কার পাবেন। 

আগামী রোববার থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহের শেষ দিন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এই পুরস্কার দেবেন।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, কনস্টেবল থেকে শুরু করে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদা পর্যন্ত মনোনীত ৫৯৫ জনের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে ২০৬ জন, ‘বি’ ক্যাটাগরিতে ১৩৭ জন, ‘সি’ ক্যাটাগরিতে ১০৫ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ৫২ জন, ‘ই’ ক্যাটাগরিতে ৫১ জন ও ‘এফ’ ক্যাটাগরিতে ৪৪ জন সদস্য আইজিপি ব্যাজ পাচ্ছেন। 

গত বছরের তুলনায় এবার সংখ্যা বেড়েছে। গত বছর এই পুরস্কার পেয়েছিলেন ৫০১ জন। চলতি বছর অন্যান্য ইউনিটের পাশাপাশি নবগঠিত জঙ্গিবিরোধী ইউনিট অ্যান্টি টেরোরিজম ইউনিটের ৯ জন সদস্য আইজিপি ব্যাজ পেতে যাচ্ছেন।

অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) এস এম হাসানুল জাহিদ বলেন, যেকোনো স্বীকৃতি ভালো কাজের উৎসাহ দেয়। নতুন ইউনিট হিসেবে অ্যান্টি টেরোরিজম ইউনিটের স্বীকৃতি পাওয়াটা আমাদের কাজকে আরো বেশি গতিশীল করবে।

পুলিশ কর্মকর্তারা জানান, কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকাণ্ড, সরকারি ও ব্যক্তিগত কাজের মাধ্যমে বাহিনীর মর্যাদা বৃদ্ধি, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটনসহ ভালো কাজের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজে মনোনীত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এই পদক দেয়া হয়। মাঠ পর্যায়ে যাচাই-বাছাই করে পুলিশ সদস্যদের তালিকা তৈরি করা হয়। 

এবার সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুরস্কারস্বরূপ চারটি ক্যাটাগরিতে পুলিশের কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার ১১৮ জন সদস্য বিপিএম-পিপিএম পদকের জন্য মনোনীত হয়েছেন। গত বছরের তুলনায় এই সংখ্যা দুই-তৃতীয়াংশ কমে এসেছে। গত বছর বিপিএম-পিপিএম পদক পেয়েছিলেন সর্বোচ্চ সংখ্যক ৩৪৯ জন। পুলিশ সপ্তাহ-২০২০ অনুষ্ঠানের প্রথম দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহ উদ্বোধন এবং পুলিশের সর্বোচ্চ পদক প্রদান করবেন।

সূত্র: ডেইলী বাংলাদেশ।