
অনলাইন ডেস্ক:
লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে স্থানীয় এক মানবপাচারকারীর পরিবারের সদস্যরা গুলি করে হত্যা করেছে। নিহত বাকি চারজন আফ্রিকান।
একই সময়ে আরো ১১ জন বাংলাদেশি আহত হয়েছেন বলে লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে দেশটির সংবাদমাধ্যম দ্য লিবিয়া অবজারভার তাদের ফেসবুক পাতায় এক পোস্টে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, নিহত বাংলাদেশিরা দেশটির মিজদা শহরে ওই মানবপাচারকারীর জিম্মায় ছিলেন।
লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, গত মঙ্গলবার অভিবাসীদের হাতে খুন হন অভিযুক্ত মানবপাচারকারী। এ ঘটনার জেরে ওই পাচারকারীর সহযোগী এবং আত্মীয়-স্বজনেরা জিম্মি অভিবাসীদের ক্যাম্পে নির্বিচারে গুলি চালায়। এ সময় ২৬ জন বাংলাদেশি ও চার আফ্রিকান নাগরিকসহ মোট ৩০ জন ঘটনাস্থলে মারা যান।
এ বিষয়ে লিবিয়ার পশ্চিমা-সমর্থিত জাতীয় সরকার (জিএনএ) জানিয়েছে, মানবপাচারকারী চক্র ও অভিবাসী শ্রমিকদের মধ্যে যে বিরোধ চলে আসছিল, তার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।