সংঘর্ষে উত্তপ্ত দিল্লি, নিহত বেড়ে ৭

নিউজ ডেস্ক:

ভারতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের মধ্যেই রাজধানী দিল্লিতে নাগরিকত্ব আইনের বিক্ষোভে ছড়িয়ে পড়া সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছে দেড় শতাধিক লোক।

বিক্ষোভ-সংঘর্ষকে কেন্দ্র করে রণক্ষেত্রে রূপ নেয়া দিল্লির গুরুত্বপূর্ণ ১০টি স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়া পূর্ব ও উত্তর-পূর্ব দিল্লির সমস্ত স্কুল বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে প্রশাসন।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিল্লি পৌঁছানোর কয়েক ঘণ্টা আগেই শহরটি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে।

ট্রাম্পের ভারত সফর শুরুর আগের দিনই উত্তর দিল্লির মৌজপুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। বিতর্কিত সিএএ সমর্থক ও বিরোধিতাকারীদের মধ্যকার ওই সংঘর্ষ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং আরো সহিংস হয়ে ওঠে।

ভারতীয় নাগরিকত্ব আইন সংশোধনের মাধ্যমে প্রথমবারের মত ধর্মকে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার নির্ধারক হিসেবে রাখা হয়েছে। নাগরিকত্ব আইন (সিএএ) সংশোধন করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দুসহ কয়েকটি ধর্মাবলম্বীদের ভারত তাদের দেশের নাগরিকত্ব পাওয়ার সুযোগ করে দিয়েছে। বিতর্কিত এই আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে সরব হয়েছে একাধিক রাজনৈতিক দল।

এ নিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে চলছে দফায় দফায় বিক্ষোভ। এই বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ৩০ জন নিহত হয়েছেন।

সূত্র: ডেইলী বাংলাদেশ।