ইমনকে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন মাহি!

নিউজ ডেস্ক:

যখন দশম শ্রেণিতে পড়ি, তখন একদিন সব বন্ধুরা আমার কাছে ছুটে এলো। তারা বলছিল, একজন নায়ক আসবেন স্কুলে, ‘লালটিপ’র নায়ক। সবার কপালে লাল টিপ পরিয়ে দেবেন সে এবং একটা করে গোলাপও দেবেন। তখন আমি খুব খুশি ছিলাম, ইমন আসবে তাকে সামনাসামনি দেখবো। চিত্রনায়ক ইমনকে নিয়ে এভাবেই স্মৃতির কথা বললেন জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। 

ইমন ও মাহি জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন নতুন সিনেমা ‘ব্লাড’-এ। ওয়াজেদ আলী সুমন নির্মাণ করতে ছবিটি। অ্যাকশন ঘরানার এই সিনেমাটিতে মাহিকে নায়িকা ও খলনায়িকার দ্বৈত চরিত্রে দেখা যাবে। 

ছবিটিতে ইমনের সঙ্গে জুটি বাঁধার প্রসঙ্গে মাহি বলেন, আজ সেই ইমনের সঙ্গে আমি এখন ‘ব্লাড’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। তাকে ধন্যবাদ আমার সঙ্গে কাজ করার জন্য।

রোববার রাতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)তে এসএমএস প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য এ ছবিটির মহরত অনুষ্ঠানে নায়ক-নায়িকাকে পরিচয় করিয়ে দেয়া হয়। সেই অনুষ্ঠানে এসব কথা বলেছেন নায়িকা।

এ সময় চিত্রনায়ক ইমন বলেন, ২০২০ সালের শুরুতেই নিজের সঙ্গে একটা প্রতিজ্ঞা করেছি, সেটা হলো- এই বছরটা আমার জন্য হবে সিনেমার বছর। চলতি বছর দর্শকদের বেশ কিছু ভালো সিনেমা উপহার দিতে চাই। তার একটি হতে যাচ্ছে ‘ব্লাড’। সিনেমাটির জন্য এরই মধ্যে আমি জিম করা শুরু করেছি, অভিনয়ের বিষয়ে আরো গুরুত্ব দিয়েছি। সবার সহযোগিতা পেলে ভালো সিনেমা উপহার দিতে পারবো।

‘ব্লাড’র সিনেমার গল্প লিখছেন দেলোয়ার হোসেন দিল। চলতি মাসের মাঝামাঝি সময়ে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আর ২০২০ সালে মুক্তি দেয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন পরিচালক সুমন।

সিনেমাটির মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। বিশেষ অতিথি ছিলেন খ্যাতিমান নির্মাতা জাকির হোসেন রাজু, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর এবং পরিচালক, প্রযোজক ও প্রদর্শক সমিতির নেতারা।

সূত্র: ডেইলী বাংলাদেশ।