
অনলাইন ডেস্ক:
দেশের জনপ্রিয় অডিও প্রযোজনা সংস্থা সংগীতার সত্ত্বাধিকারী সেলিম খান আজ (১০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগীত প্রযোজকদের সংগঠন এমআইবি’র মহাসচিব ও সিএমভি’র কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু। তিনি জানান, করোনা পজিটিভ হয়ে ৪ ডিসেম্বর থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেলিম খান। গতকাল (৯ ডিসেম্বর) দুপুর থেকে টানা ২০ ঘণ্টা লাইফ সাপোর্টে রাখা হয়। বৃহস্পতিবার সকাল নাগাদ সেটিও আর কাজ করছিল না।
তিনি বলেন, ‘বাংলাদেশের সংগীত ইন্ডাস্ট্রি গড়ে ওঠার পেছনে সেলিম ভাইয়ের অবদান সিংহভাগ। তার মতো মানুষদের মেধা, অর্থ, শ্রমের বিনিময়ে আজকের এই বিশাল ইন্ডাস্ট্রি হয়েছে। তার এই অকালে চলে যাওয়া আমাদের অনেক ক্ষতির কারণ হলো। দোয়া করি, সেলিম ভাই যেখানেই থাকুক, ভালো থাকুন।’
সংগীতার সিইও রবিন ইমরান জানান, অদ্য বাদ আসর রাজধানীর লক্ষ্মীবাজার সেলিম খানের বাসভবনের সামনে জানাজা শেষে জুরাইন গোরস্তানে দাফন করা হবে।
সেলিম খান করোনা পজিটিভ হন গত ৪ ডিসেম্বর। এরপর তাকে রাজধানীর ইমপালস হসপিটালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় ৯ ডিসেম্বর বেলা ১২টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
৮০-এর দশকে সেলিম খানের হাত ধরে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার জন্ম। রাজধানীর পাটুয়াটুলী তথা বাংলাদেশের সবচেয়ে বড় সংগীত প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান হিসেবে সংগীতা নিজের অবস্থান ধরে রাখে টানা চার দশক। প্রতিষ্ঠানটি এখনো প্রযোজনা অব্যাহত রেখেছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার