গামছা জড়িয়ে মাজারে শুয়ে ছিলেন অভিনেতা সমু চৌধুরী, উদ্ধার করল পুলিশ

অনলাইন ডেস্ক:

গফরগাঁওয়ের এক পুরোনো মাজার। পাশে একটি ছায়াময় গাছ। সেই গাছের নিচে নিঃসঙ্গ শুয়ে আছেন এক মানুষ। পরনে শুধু একটি গামছা। মলিন মুখ, বিধ্বস্ত শরীর। প্রথম দেখায় চিনে ফেলার উপায় নেই। কিন্তু ছবিটা ছড়িয়ে পড়তেই ঢাকার শোবিজ জগতে চাঞ্চল্য—এ তো অভিনেতা সমু চৌধুরী!

ছবিটি বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সঙ্গে একটাই প্রশ্ন ঘুরতে থাকে—এটা কি কোনো নাটকের দৃশ্য, নাকি বাস্তব? কেউ কেউ আশ্বাস খোঁজেন, কেউ আবার আতঙ্কিত হন—‘আসলে কী হয়েছে?’

ছবির লোকটি আসলেই অভিনেতা সমু চৌধুরী। আর ঘটনাটিও বাস্তব। তিনি মানসিকভাবে অসুস্থ অবস্থায় উদ্ধার হয়েছেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের এক মাজার এলাকা থেকে।

খবর পেয়ে ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’ এবং স্থানীয় পুলিশ তৎপর হয়। সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু নিজেই নিশ্চিত করেন—‘সমু দাদাকে উদ্ধার করা হয়েছে। তিনি কিছুটা অসুস্থ। থানায় আনা হচ্ছে, ঢাকায় আনার জন্য আমরা গাড়ি পাঠাচ্ছি।’

পাগলা থানার ওসি ফেরদৌস আলম জানান, ‘আমাদের একটি টিম তাকে উদ্ধার করেছে। প্রাথমিকভাবে কিছুটা মানসিক বিভ্রান্ত ও দুর্বল মনে হয়েছে। থানায় আনার পর বিস্তারিত জানা যাবে।’

১৯৯৫ সালে আমজাদ হোসেনের পরিচালনায় ‘আদরের সন্তান’ ছবির মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক। এরপর একে একে ‘দোলনচাঁপা’, ‘মায়ের অধিকার’, ‘শত জনমের প্রেম’, ‘মরণ নিয়ে খেলা’সহ বহু ছবিতে অভিনয় করেছেন। নাটকের জগতে তিনি ছিলেন চেনা মুখ। তথ্যসূত্র: এনটিভি

এম২৪নিউজ/আখতার

Leave a Reply