
নিউজ ডেস্ক:
রংপুরের মিঠাপুকুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের দু’পক্ষের দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে। এ সুযোগে নির্বাচনে লাঙ্গল প্রতীকে ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী দিচ্ছে জাতীয় পার্টি। স্বতন্ত্র প্রার্থী হিসাবে ১৩ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করবে জামায়াত ও দুটিতে বিএনপি। মূলত উপজেলা আওয়ামী লীগের দ্বন্দ্বে এবারের নির্বাচনি মাঠে উঠেপড়ে লেগেছে প্রার্থীরা। জয়ের ব্যাপারে বেশ আশাবাদী তারা।
সপ্তম ধাপে নির্বাচনে মিঠাপুকুরে ১৭ ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি। ইতোমধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগ নৌকা প্রতীকের মনোনয়নপত্র দিয়েছে মিঠাপুকুরে। এর মধ্যে স্থানীয় সংসদ-সদস্য (এমপি) ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান সমর্থিত ৮ জন, মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সম্পাদক জাকির হোসেন সরকার সমর্থিত ৭ জন, এক প্রভাবশালী মন্ত্রী সমর্থিত একজন এবং রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা সমর্থিত একজন চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন পেয়েছেন। ফলে ইউনিয়নগুলোতে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে দ্বন্দ্ব। অনেক আওয়ামী লীগ নেতা প্রকাশ্যে ও অপ্রকাশ্যে নৌকার বিরোধিতা করছেন। পিছিয়ে নেই মনোনয়ন বঞ্চিত বর্তমান চেয়ারম্যানরা। তারাও স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন। এ সুযোগ কাজে লাগাচ্ছে জাতীয় পার্টি ও জামায়াত-বিএনপি।
উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মেসবাহুল ইসলাম মিলন চৌধুরী বলেন, ৭ ইউনিয়নে লাঙ্গল প্রতীকের মনোনয়ন দেওয়া হয়েছে। ৫ ইউনিয়নে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। অন্য ইউনিয়নগুলোতে জনপ্রিয়দের সমর্থন করতে পারে নেতা-কর্মীরা।
উপজেলা জামায়াতের আমির জায়নাল আবেদীন মাস্টার বলেন, আমরা ১৭ ইউনিয়নের মধ্যে ১৩টিতে প্রার্থী চূড়ান্ত করেছি। আরও কয়েকটিতে প্রার্থী দেওয়ার কথা রয়েছে। বাকি ইউনিয়নগুলোতে আমরা যে কাউকে সমর্থন করতে পারি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া বলেন, আমাদের ১৭ ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আমি আশাবাদী। সরকার অনেক উন্নয়ন করেছে। জনগণ আমাদের প্রার্থীদের বিজয়ী করবে। জাতীয় পার্টিসহ সব দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এটি তাদের অধিকার। জনগণই এর মূল্যায়ন করবে। সূত্র: যুগান্তর অনলাইন
এম২৪নিউজ/আখতার