করোনার হটস্পট রংপুরের মিঠাপুকুর, ইউপি চেয়ারম্যানসহ আক্রান্ত ২৩

স্টাফ ‍রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):

রংপুরের মিঠাপুকুর উপজেলা করোনার হটস্পটে পরিণত হয়েছে। ইতিমধ্যে চিকিৎসক, স্বাস্থকর্মীসহ মোট আক্রান্ত হয়েছেন ২৩জন। এরমধ্যে পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়জার রহমান খাঁন করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার বিকেলে ওই ইউপি চেয়ারম্যান করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা আব্দুল হাকীম।

পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়জার রহমান খাঁন জানান, হঠাৎ করে গত চারদিন ধরে তিনি জ্বর-সর্দি ও ব্যথায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে গত সোমবার তিনি রংপুর মেডিক্যাল কলেজে পিসিআর ল্যাবে করোনা নমুনা দেন। বুধবার তিনি করোনা পজেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত হন। বর্তমানে তিনি রংপুর শহরের ভাড়া করা বাসায় আইসোলেশনে আছেন।

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হাকীম বলেন, এ নিয়ে মিঠাপুকুরে ২৩জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১১জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকীরা আইসোলেশনে আছেন। কেউ মারা যায়নি বলে তিনি জানান।

এম২৪নিউজ/আখতার।