
স্টাফ রিপোর্টার:
গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মিঠাপুকুর উপজেলা বিএনপি’র আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৩ জুন) বিকালে একটি মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সেখানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, রংপুর জেলা কৃষক দলের সভাপতি কাজি খয়রাত আলী। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রব্বানী।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক সাজেদুর রহমান রানা, সদস্য সচিব হানিফ সরদার, রংপুর জেলা বিএনপির সদস্য সদস্য নিক্সন পাইকাড়, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাবিবুর রহমান টিটুল, মহিলা দলের সভানেত্রী মমতাজ বেগম রানী, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি একেএম রুহুলুল্লাহ্ জুয়েল, কৃষক দলের আহ্বায়ক হযরত আলী, স্বেচ্ছাসবক দলের আহ্বায়ক একে আজাদ শফিকুল, যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবু, স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুদ রানা, লতীবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান প্রমুখ।
সরকারের কঠোর সমালোচনা করে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের দিন শেষ হয়ে আসছে। আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত করার বিকল্প নেই। দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। এই আন্দোলনে জেল-জুলুম, মামলা-হামলা, নির্যাতন-হত্যা, গুম হবার ঝুঁকি আছে, কিন্তু শেষ পর্যন্ত জনগণের বিজয় হবে।
বক্তারা বলেন, আজ দেশের মানুষ ভালো নেই। চাল, ডাল, তেল, চিনি, গ্যাস, কৃষি পণ্যসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে মানুষ দিশেহারা। অনতিবিলম্বে গ্যাসসহ সকল দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনার দাবি জানান বক্তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের নেতা মোর্সেদ হাসান সোহেল।
এম২৪নিউজ/আখতার