
শামীম আখতার ||
রংপুরের মিঠাপুকুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় এক কৃষকের আসবাবপত্র, নগদ টাকা ও অন্যান্য মালামাল সহ ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে দুর্গাপুর ইউনিয়নের কাঁঠালী কানিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় মিঠাপুকুর ফায়ার সার্ভিসের সদস্যরা।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনরা জানায়, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাঁঠালী কানিপাড়া গ্রামের কফিল উদ্দিনের ছেলে কৃষক সাহেব আলীর বাড়ির একটি ঘরে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের আরো দুইটি বসত ঘরে। খবরপেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগীতায় প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগেই আসবাবপত্র, কাপড়-চোপড়, নগদ টাকা, অন্যান্য মালামাল সহ ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়তির পরিমান ৮ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে বলে ধারনা করছেন এলাকাবাসী।
মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এর আগেই টিন শেডের ৩টি বসতঘর বিভিন্ন মালামাল সহ পুড়ে যায়।

এদিকে, রাত ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, শুকনো খাবার ও কম্বল প্রদান করা হয়।
এম২৪নিউজ/আখতার