
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে অটো ছিনতাই চক্রের মুল হোতা রতন সহ ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১২ টা ১৫ মিনিটে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ কামরুজ্জামান।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ী এলাকার আনারুল মিয়ার ছেলে রতন মিয়া, একই ইউনিয়নের কাঁঠালীপাড়া গ্রামের রইচ উদ্দিনের ছেলে কামরুল ইসলাম, পীরগঞ্জ উপজেলার আমোদপুর গ্রামের শ্রী লাল চন্দ্রের ছেলে শ্রী শয়ন চন্দ্র ও পীরগাছা উপজেলার কুতুবপুর এলাকার মজিদ মিয়ার ছেলে আজাদুল।
মিঠাপুকুর থানা পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের (৩১ মে) রংপুরের অটো চার্জার ব্যবসায়ী মোঃ শাহিন মিয়া একটি অটো কেনার জন্য রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন পীরগঞ্জ বাসস্ট্যান্ডে যান। ওইদিন রাত ৮টার দিকে অটো কিনে তার বাড়ি রংপুর মহানগরীর তাজহাট যাবার উদ্দেশ্যে রওয়ানা করেন।
রাত আনুমানিক ৯টার দিকে শাহিন মিয়া অটো নিয়ে মিঠাপুকুর থানাধীন ঢাকা-রংপুর মহাসড়কের বলদীপুকুর নামক স্থানে পৌছামাত্র ছিনতাইকারী রওশন, সুজন, বাবু ও রাব্বানী অজ্ঞাতনামা ৩/৪ জনসহ শাহিন মিয়াকে ধরে ফেলে। তার হাত পা বেঁধে পাশের ভুট্টা ক্ষেতে ফেলে রেখে অটো নিয়ে চলে যায়। এ সময় তারা শাহিনের ব্যবহৃত মোবাইলটিও নিয়ে যায়। পরে শাহিন কোনভাবে তার হাত পায়ের বাধন খুলে বাড়িতে ফিরে আসে। পরদিন শাহিন মিয়া মিঠাপুকুর থানায় রওশন, সুজন, বাবু এবং রাব্বানীদের বিরুদ্ধে মামলা করে। মামলা নং-৬, তারিখ- ০২/০৬/২২, ধারা-৩৯৪ দঃ বিঃ। মামলার প্রেক্ষিতে মিঠাপুকুর থানা পুলিশ এজাহারনামীয় ৪ আসামীকে গ্রেফতার করলেও অধরা ছিল এর মুল হোতা রতন।
শুক্রবার (৭ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে মিঠাপুকুর থানা পুলিশ অটো চার্জার ছিনতাই চক্রের মুল হোতা রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্ভুক্ত শঠিবাড়ী এলাকার আনারুল এর ছেলে রতন মিয়া (৩০)কে তার ৩ সহযোগী সহ গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত অন্যান্যরা হলো- রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্ভুক্ত কাঠালীপাড়া গ্রামের রইচ উদ্দিনের ছেলে মোঃ কামরুল ইসলাম (৩৫), পীরগঞ্জ থানাধীন আমোদপুর গ্রামের লাল চন্দ্র এর ছেলে শ্রী শয়ন সরকার(২০) এবং একই জেলার পীরগাছা উপজেলার কুতুবপুর গ্রামের আঃ মজিদ এর ছেলে আজাদুল। এ সময় রতনের কাছ থেকে শাহিনের ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধার করেছে পুলিশ।
রংপুর জেলার পীরগঞ্জ-মিঠাপুকুর এর দায়িত্ব প্রাপ্ত (ডি সার্কেল) কামরুজ্জমান পিপিএম-সেবা, গ্রেফতারকৃত আসামীদের বরাত দিয়ে জানান, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে ঘটনার বর্ণনা দেয় যে, ওই তারিখে আনুমানিক রাত ৮টার দিকে মূল হোতা রতন তার সহযোগী কামরুল, শয়ন, বাবু, সুজন, রওশন ও রাব্বানীকে বলদীপুকুরে আসতে বলে। এরপর তারা বলদীপুকুরে জড়ো হয় এবং শাহিন মিয়া অটো নিয়ে বলদীপুকুরে পৌছামাত্র তারা সবাই মিলে শাহিন মিয়ার হাত পা বেধে পাশের ভুট্টা ক্ষেতে ফেলে দেয়।
এরপর তার পকেট থেকে মোবাইল কেড়ে নেয় এবং তার অটোটি নিয়ে তারা চালিয়ে জায়গীর হয়ে পীরগাছা থানা এলাকায় নিয়ে যায়। পরে অটোটি অপর আসামী আজাদুলের নিকট ৩০ হাজার টাকায় বিক্রি করে। এর পরের দিন তারা সবাই ৩ হাজার ৫শত টাকা করে ভাগ করে নেয়। এবং মোবাইল টি নিয়ে যায় রতন। ধৃত আসামীদের আদালতে সোপর্দ করা হলে তারা নিজেদের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দি দিয়েছে। বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেছে।
এম২৪নিউজ/আখতার