
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে আঞ্চলিক মহাসড়কের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিম্মমানের ইট ও মাটি মিশ্রিত খোয়া ব্যবহার করার ফলে কাজ আটকে দিয়েছে স্থানীয় জনগন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গাইবান্ধা জেলার বামনডাঙ্গা হতে দিনাজপুরের আফতাবগঞ্জ পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের কাজ চলমান রয়েছে। এরমধ্যে, বালুয়া বন্দর হতে শঠিবাড়ী শীতলগাড়ী পর্যন্ত নির্মাণ কাজ করছে মোজাহার এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
৫০ কোটি টাকা ব্যায়ে রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ করেছে স্থানীয়রা। তাদের অভিযোগ, রাস্তা নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ইট। এছাড়াও, নামমাত্র বালু ব্যবহার করে বেশিভাগ কাজ করা হচ্ছে মাটি দিয়ে। অপরদিকে, রাস্তার ইট ও খোয়া তুলে সেগুলো দিয়েই কাজ করা হচ্ছে।
স্থানীয় তোজাম্মল হোসেন বলেন, নিম্মমানের ইটের খোয়া ও বড় বড় টুকরা দিয়ে কাজ করা হচ্ছে। বালুর বদলে মিশ্রণ দেওয়া হচ্ছে মাটি। এলাকাবাসী সঠিক নিয়মে কাজ করতে বললে, আমাদেরকে নানা ভাবে হুমিক প্রদান করছে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। একই অভিযোগ এলাকার হাসান আকন্দ, বুলু মিয়া ও হাফিজুর রহমানসহ বেশ কয়েকজনের।
মোজাহার এন্টারপ্রাইজের শ্রমিক দুলু মিয়া ও জাহাঙ্গীর আলম বলেন, খারাপ ইট ও মাটি দিয়ে কাজ করানো হচ্ছে। আমরা শ্রমিক, আমরা প্রতিবাদ করার সাহস পাচ্ছি না।
মোজাহার এন্টারপ্রাইজের ইঞ্জিনিয়ার আজিবুর রহমান অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, সঠিক নিয়মে কাজ করা হচ্ছে। ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক মুকুল হোসেন বলেন, আমি রংপুর রোডস্ এন্ড হাইওয়ে কার্যালয়ে মিটিংয়ে আছি। পরে আপনার সাথে সাক্ষাতে কথা বলবো।
এম২৪নিউজ/আখতার