মিঠাপুকুরে ‘আলোকিত শঠিবাড়ী’র উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

‘মানুষ মানুষের জন্য’ -এই স্লোগানকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুর উপজেলার সামাজিক সংগঠন আলোকিত শঠিবাড়ীর উদ্যোগে অসহায় এবং দুস্থ পরিবারের মাঝে ৩ মেট্রিক টনের অধিক খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে । বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি পরিবারকে ১১ কেজি করে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

‘আলোকিত শঠিবাড়ি’র উদ্যোগে প্রতিটি পরিবারকে ১১ কেজি করে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

দুর্গাপুর এবং বড়হযরতপুর ইউনিয়নের ১৫ টি গ্রামের ৩০০ টি হতদরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে ছিলো চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, লবণ এবং সাবান।

সংগঠনটির সাথে সংশ্লিষ্টরা জানান, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ কার্যক্রম অব্যাহত থাকতে পারে। তহবিল গঠন এবং মানুষের চাহিদার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তারা।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপে অচল হয়ে পড়েছে বিশ্ব অর্থনীতির চাকা। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। ফলে কোনঠাসা হয়ে পড়েছে শ্রমজীবী এবং খেটে খাওয়া মানুষেরা। এমতাবস্থায় হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন সংগঠনটির সদস্যরা।

সেইসাথে ইতোপূর্বে যারা আলোকিত শঠিবাড়ীর কার্যক্রমে বিভিন্নভাবে সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সামাজিক সংগঠন ‘আলোকিত শঠিবাড়ী’র সদস্যরা।

এম২৪নিউজ/আখতার