মিঠাপুকুরে এইচএন আশিকুর রহমান এমপিকে গণসংবর্ধনা

ষষ্ঠবারের মতো কেন্দ্রীয় আ’লীগের কোষাধ্যক্ষ মনোনীত

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সাংসদ এইচএন আশিকুর রহমান ষষ্ঠবারের মতো আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ মনোনীত হওয়ায় গণসংবর্ধনা দিয়েছে স্থানীয় নেতাকর্মী ও জনসাধারন। সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগের আয়োজনে এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গণসংবর্ধনা উপলক্ষে সকাল থেকেই উপজেলার ১৭ ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মী এবং চেয়ারম্যানদের নেতৃত্বে মানুষজন মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে আসতে থাকেন। জনসমুদ্রে পরিণত হয় উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকা। মিছিলের তালে তালে বাদ্যদলের নৃত্য এবং স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকা-রংপুর মহাসড়কসহ পুরো এলাকা।

বিকেলে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে প্রধান অতিথির বক্তব্য দেন সংবর্ধিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান এমপি।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের সহ-সভাপতি রেহানা আশিকুর রহমান, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ছাফিয়া খানম, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল ও আওয়ামী লীগ নেতা টিভি টক শো ব্যক্তিত্ব রাশেক রহমান

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা জামান ববি, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক রোজি রহমান, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মেসবাহুর রহমান প্রধান, যুবলীগের আহবায়ক শাহ্ আসাদুজ্জামান সোহাগ, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রফিকুল ইসলাম তুহিন, কৃষক লীগের আহবায়ক ফয়জার রহমান খাঁন, মহিলা লীগের নেত্রী দিলনাহার বেগম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লেমন।