মিঠাপুকুরে কর্মহীন অসহায় মানুষদের খাদ্যসামগ্রী দিলেন ব্যবসায়ি মাকসুদার রহমান

স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):

রংপুরের মিঠাপুকুরে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া এক হাজার পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরন করেছেন বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজকর্মী ইঞ্জিনিয়ার মাকসুদার রহমান মিঠু।

তিনি সকলের প্রতি সামাজিক দুরত্ব মেনে চলার আহবান জানিয়ে বলেন, আমি আজ আপনাদের পাশে সামান্য সহায়তা তুলে দিলাম, আগামীতেও আপনাদের পাশে থাকার চেষ্টা করবো। তবে আপনাদের অহেতুক বাইরে বের না হয়ে ঘরে থাকার অনুরোধ করছি। তিনি দেশের এই দুর্যোগে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের কষ্টে থাকা মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।

গতকাল শুক্রবার মিঠাপুকুর উপজেলার হেনা মেমোরিয়াল মহিলা মহাবিদ্যালয় ও বালুয়া মাসিমপুর ইউনিয়নের সন্তোষপুর চাতালে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরনের সময় তিনি এসব কথা বলেন।

এর আগে ইঞ্জিনিয়ার মাকসুদার রহমান মিঠু বুধবার ও বৃহষ্পতিবার উপজেলার ধলার পাড়া ও বড় মির্জাপুর সহ বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবণ ও সাবান।

মিঠাপুকুরে খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন রংপুর জেলার রাজনৈতিক ব্যক্তিত্ব রইছ উদ্দিন আহম্মেদ, আকিবুল রহমান মনু, গোলাম রব্বানী, হাবিবুর রহমান টিটুল, হেনা মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ খাজানুর রহমান, মিঠাপুকুর প্রেস ক্লাবের সভাপতি প্রদীপ কুমার গোস্বামীসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এম২৪নিউজ/আখতার