
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী মরিয়ম বিবি রিচির মৃত্যুর কারণ সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদঘাটন ও দোষী ব্যক্তি খুঁজে বের করে অবিলম্বে গ্রেফতারের দাবিতে আজ বৃহস্পতিবার বিকেলে মিঠাপুকুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে অবিলম্বে প্রতারক প্রেমিক ও তার সহযোগিদের গ্রেফতারের দাবি জানান নিহতের বাবা-মা ও আত্মীয় স্বজনরা।
মিঠাপুকুর প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজছাত্রীর মা নারগিছ বেগম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওই ছাত্রীর বাবা রুবেল মিয়া, চাচা কামরুজ্জামান ও ফুফা রেজাউল করিম।
নারগিছ বেগম বলেন, ‘আমার মেয়ে মরিয়ম বিবি আতœহত্যার পর জানতে পারি-শিপন মোল্লা নামে এক যুবকের সাথে প্রেমের সর্ম্পক ছিল। কিন্তু, ওই ছেলে প্রতারণা করায় মেয়েটা আত্মহত্যা করেছে। ওই ছেলে ও তার সহযোগিদের কঠোর শাস্তি দাবি করছি।’ তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে পুলিশের কোনো সহযোগিতা পাইনি। এখনও প্রধান অপরাধী গ্রেফতার হয়নি।’
মিঠাপুকুর থানা ওসি মোস্তাফিজার রহমান বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেননি। দেখাও করেননি। তারা অভিযোগ করলে ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, গত ১৭ আগষ্ট সকালে উপজেলা সদরের রেজিষ্ট্রি-অফিস সংলগ্ন রিমা ছাত্রীনিবাস থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মিঠাপুকুর মহাবিদ্যালয়ের ছাত্রী মরিয়ম বিবি রিচির (১৮) লাশ উদ্ধার করে পুলিশ। সে লতিবপুর ইউনিয়নের আবদুল্যাহ্পুর গ্রামের রুবেল মিয়ার মেয়ে। উপজেলা সদরে রেজিষ্ট্রি অফিস সংলগ্ন রিমা ছাত্রীনিবাসের একটি কক্ষে থাকতো।
এম২৪নিউজ/আখতার