
স্টাফ রিপোর্টার:
এক সপ্তাহের বেশি সময় ধরে চলা দাবদাহের সঙ্গে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। গরিব ও খেটে খাওয়া মানুষদের দুর্ভোগ বেড়েছে। প্রচণ্ড গরমে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি বিপদে পড়েছে। টানা কয়েকদিনের রোদ ও ভ্যাপসা গরমে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
ইমাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, জনমনে অসন্তোষ দেখা দিয়েছে।বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা না গেলে জন বিক্ষোভে পরিণত হতে পারে।
বৈরাতীহাট কম্পিউটার ট্রেনিং সেন্টারের কর্ণধার রাশেদ মিয়া বলেন, ঘন ঘন লোডশেডিংয়ে কোনো কাজই করা যাচ্ছে না। শিক্ষার্থীরাও কেন্দ্রে আসে না।
দৈনিক ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বিদ্যুৎ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন ভুক্তভোগীরা। এ অবস্থায় ফুঁসে উঠছে সাধারণ মানুষ।
রবিবার সকাল ১০ টায় বিশেষ বিশেষ এলাকায় লোডশেডিং কম হওয়ায় গয়েশপুর গ্রামের লোকজন বৈরাতীহাট সাব জোনাল অফিস ঘেড়াও কর্মসূচি পালন করেন।
জনসাধারনের উপর তেড়ে উঠে লাইনম্যান রেজাউল করিম বলেন, স্থানীয় সংসদ সদস্যের সাথে যোগাযোগ করতে।
বৈরাতীহাট সাব জোনাল অফিসের ইন্জিনিয়ার মামুনুর রশিদ বলেন চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় এমন বিপর্যয় দেখা দিয়েছে। আমাদের চাহিদা প্রতিদিন ৯ মেগাওয়াট বর্তমানে আমরা পাচ্ছি ৫ মেগাওয়াট বিদ্যুৎ।
এম২৪নিউজ/আখতার