
স্টাফ রিপোর্টার:
লুটপাট, ঘুষ, দুর্নীতি, ধর্ষণ ও দ্রব্যমূল্যে উর্ধ্বগতি রোধে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মিঠাপুকুর উপজেলা শাখা। আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি আবদুল জলিলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, উপজেলা শাখার সাধারন সম্পাদক শাহাদত হোসেন খোকা, সহ-সাধারন সম্পাদক হৃদয় কুমার বর্মণ, রংপুর জেলা সদস্য সাজেদুল ইসলাম সাজু, অধ্যক্ষ নজরুল ইসলাম চাঁদ প্রমুখ।
বক্তারা বলেন, সারা দেশে ক্ষমতাসীন দলের লুটপাট, ঘুষ ও দুর্নীতির কারণে সাধারন মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনসাধারনের আজ নাভিশ্বাস। দেশে ধর্ষণের যে তান্ডব চলছে, এতে ক্ষমসীনদের লোকজন জড়িত। এদের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে।
এই লুটেরা সরকারের রাহুগ্রাস থেকে মানুষকে মুক্ত করতে কমিউনিস্ট পার্টির পতাকাতলে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
এম২৪নিউজ/আখতার