
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
রংপুরের মিঠাপুকুরে এই প্রথম অনুষ্ঠিত হলো গ্রামীণ ঐতিহ্যবাহি খেলা ঘোড় দৌড় প্রতিযোগিতা। শনিবার বিকেলে ঘোড় দৌড় দেখতে লাখো মানুষের ঢল নামে।
উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি। প্রধান আলোচক ছিলেন আ’লীগ নেতা টিভি টক শো ব্যক্তিত্ব রাশেক রহমান।
দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন ভুঁইয়া, আ’লীগ নেতা মোজাম্মেল হক মিন্টু মিয়া, মেসবাহুর রহমান প্রধান, আনোয়ার সাদাত লেমন প্রমুখ।
শঠিবাড়ী বন্দরের অদূরে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সামনে বিশাল খোলা মাঠে এক বর্গ কিলোমিটার এলাকাজুড়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ, বি, সি গ্রুপে বিভক্ত হয়ে শতাধিক ঘোড়া দৌড়ে অংশ নেয়।
পরে, বিজয়ী ঘোড়া ও মালিককে পুরস্কৃত করা হয়। দীর্ঘদিন পর ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রায় এক লাখ মানুষ জড়ো হয়ে খেলা উপভোগ করেন।

