মিঠাপুকুরে চুরির অভিযোগে নৈশ প্রহরীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার :

রংপুরের মিঠাপুকুরে চুরির অভিযোগে এক নৈশ প্রহরীকে গণপিটুনি দিয়েছে লোকজন। গুরুতর আহত ওই নৈশ প্রহরী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার দুপুরে মারা যান।

উপজেলার শঠিবাড়ীতে শনিবার ভোরররাতে এই গণপিটুনির ঘটনা ঘটে। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। চুরির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম তছলিম উদ্দিন (৫০)। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শীতলগাড়ী গ্রামের মৃত. নিজাম উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার শঠিবাড়ী হাটে গালামাল পট্টিতে নৈশ প্রহরী হিসেবে কাজ করেন তছলিম উদ্দিন। শনিবার ভোররাতে তার দায়িত্বপালন এলাকায় সাহেব আলী নামে একজনের গালামাল দোকানে চুরি হওয়ার সময় স্থানীয়রা এক চোরকে আটক করেন।

আটক চোর রমজান আলী (১৪) পীরগঞ্জ উপজেলার জীবনানন্দ গ্রামের মোকছেদ আলীর ছেলে।

উপস্থিত লোকজনকে সে জানায়, ‘নৈশ প্রহরী তছলিমও চুরির সাথে জড়িত।’ স্থানীয় জনতা ওই দুই জনকে গণপিটুনি দেয়। এতে তছলিম উদ্দিন গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি মারা যান।

মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, গালামাল দোকান চুরির ঘটনায় একটি এবং গণপিটুনিতে নিহতের ঘটনায় পৃথকভাবে দুটি মামলা হয়েছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি মামলার তদন্ত শুরু করা হয়েছে। হত্যাকারীদের সনাক্ত করে গ্রেফতারে জোরালো অভিযান চলছে বলেও জানান ওসি।

গণপিটুনির ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এম২৪নিউজ/আখতার