মিঠাপুকুরে জিপিএ-৫ পেয়েছে পত্রিকা বিক্রেতার ছেলে নিশাদ

স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):

রংপুরের মিঠাপুকুরে এবারে এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েছে পত্রিকা বিক্রেতার ছেলে আহাদুল ইসলাম নিশাদ। সে দিনে বাবাকে পত্রিকা বিক্রিতে সহায়তা করতো। রাতে পড়ার টেবিলে বসে পড়ালেখা। একদিন দুই দিন নয়, দিনের পর দিন এভাবে বাবাকে সহায়তা করার পাশাপাশি পড়ালেখাও চালিয়েছে।

সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে সে দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়ে বাবা মার মুখ উজ্জল করেছে।

মেধাবী মুখ আহাদুল ইসলাম নিশাদ উপজেলা সদরের বাসিন্দা পত্রিকা বিক্রেতা বেলাল হোসেনের ছেলে। মা মোসলেমা বেগম একজন আদর্শ গৃহীনি। মিঠাপুকুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় থেকে সে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তার বাবা উপজেলা সদরের চিথলী উত্তরপাড়া গ্রামের বেলাল হোসেনের ৩ ছেলের মধ্যে সবার ছোট নিশাদ।

ছেলের অভাবনীয় সাফল্যে উচ্ছাসিত বেলাল হোসেন বলেন, বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতা ছিল সবচেয়ে বেশি। আমার স্ত্রীরও অবদান রয়েছে ছেলের ভাল ফলাফলে। আমি সবার কাছে কৃততা জানাচ্ছি।’

তার বড় ছেলে মোস্তাফিজার রহমান বাড়িতেই কাজ করে। মেজ ছেলে মিরাজ মিয়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ পড়ে। পরিবারের মুখ উজ্জল করা আহাদুল ইসলাম নিশাদ তার ফলাফলের জন্য বিদ্যালয়ের শিক্ষক ও বাবা-মার অবদানের কথা স্মরণ করে। সে ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়।

মিঠাপুকুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবলু মিয়া বলেন, পত্রিকা বিক্রেতা বেলাল হোসেনের ছেলে নিশাদ শত কষ্টেও পরীক্ষায় খুব ভাল ফল করেছে। সে সবার মুখ উজ্জল করেছে। বিদ্যালয়ের সুনাম বয়ে এনেছে। তার মঙ্গল কামনা করছি।

এম২৪নিউজ/আখতার।