মিঠাপুকুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কে ট্রাকচাপায় বিকাশ চন্দ্র বর্মন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (১ অক্টোবর) বিকালে উপজেলার হাসনা পেট্রোল পাম্পের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি পার্শ্ববর্তী দিনাজপুর জেলার আফতাবগঞ্জ খোসলামপুর গ্রামে বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়ক ধরে ফুলবাড়ীগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে চলার সময় হাসনা ফিলিং ষ্টেসনের সংলগ্ন বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়।

খবর পেয়ে কর্তব্যরত পুলিশ ঘাতক ট্রাকটিকে (নম্বর রংপুর-ড-১১-০১৩২) পিছু ধাওয়া করে ঘটনাস্থল থেকে প্রায় ১০ কি.মি. দুরে শুকুররহাট এলাকা থেকে ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়। তবে ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দূর্ঘটনায় নিহত বিকাশ চন্দ্রের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply