
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
রংপুরের মিঠাপুকুরে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় শঠিবাড়ি মহাবিদ্যালয়ের এইচএসসি ১ম বর্ষের ছাত্র সানোয়ার হোসেন সাব্বির (১৮) ও কবি নজরুল বিদ্যাপিঠের ১ম শ্রেণির ছাত্র আল ফারাবী (৭) নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরো একজন।
বুধবার সকালে শঠিবাড়ি-বড়বালা সড়কের আখিরা ব্রিজ সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়।
নিহত সাব্বির চেংমারী ইউনিয়নের মাহিয়ারপুর গ্রামের জিল্লুর রহমনের ছেলে এবং একই গ্রামের টুলু মিয়ার ছেলে আল ফারাবী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে সানোয়ার হোসেন সাব্বির ও আল ফারাবী মোটরসাইকেল যোগে শঠিবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে, আখিরা ব্রিজ সংলগ্ন পৌঁছামাত্র বালু বোঝাই একটি ট্রাক্টর পিছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা ওই দুই শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সাথে সাথে ট্রাক্টরের ড্রাইভার পালিয়ে যায়। এসময় ঘাতক ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী।
মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। ট্রক্টরের চালক পালিয়ে যাওয়ায় বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাক্টরটি পুড়িয়ে দেয়। এ ঘটনায় ওই ট্রাক্টর চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।