মিঠাপুকুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২৫

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

রংপুরের মিঠাপুকুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তারেক মিয়া নামে এক যাত্রী নিহত হয়েছেন। রবিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন। এরমধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের বৈরাগীগঞ্জ দমদমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, দুপুরে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস দমদমা ব্রিজ এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা অপূর্ব পরিবহন নামে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পর ব্রীজের দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে তীব্র জানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে রংপুর ও মিঠাপুকুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়। প্রায় এক ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় দুই বাসে থাকা যাত্রীদের মধ্যে আহত হন অন্তত ২৫ জন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানাগেছে। বিকেলে চিকিৎসাধিন অবস্থায় মারা যান তারেক মিয়া নামে এক যাত্রী। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস জানান, দুর্ঘটনা কবলিত বাস দুটি আটক রয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছেন।

Leave a Reply