মিঠাপুকুরে নতুন করে আরো একজন স্বাস্থ্যকর্মীসহ করোনা আক্রান্ত ৬ জন, সুস্থ্য ১

মো: শামীম আখতার:

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে শুক্রবার নমুনা পরীক্ষায় মিঠাপুকুরের আরো একজন স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা সনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন সাব এসিস্ট্যান্ট কমিউনিটি মেডিক্যাল অফিসার (এসএসিএমও)।

তিনি খোড়াগাছ ইউনিয়ন সাবসেন্টারে কর্মরত আছেন। রংপুর নগরীর ধাপ চারতলা মসজিদ এলাকায় তার বাসা। এ নিয়ে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চারজনসহ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ জনে। এরমধ্যে সুস্থ্য হয়েছেন একজন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আবদুল হাকিম মিঠাপুকুর২৪নিউজ.কমকে বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে শুক্রবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ওই স্বাস্থ্যকর্মীর করোনা পজেটিভ এসেছে। পর পর দুই চিকিৎসকের করোনা পজেটিভ হওয়ায় গত ১৯ এপ্রিল সন্ধায় মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়। আজ (শনিবার) লকডাউন খোলা হয়েছে। আগামীকাল (রবিবার) থেকে পুরোদমে অফিস চলবে।

তিনি আরো জানান, এ নিয়ে মিঠাপুকুরে মোট ৬ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এরমধ্যে উপজেলায় প্রথম করোনা আক্রান্ত বালারহাট ইউনিয়নের খন্দকার পাড়া গ্রামের শিক্ষার্থী সাজ্জাদ হোসেনকে বাড়িতে চিকিৎসা শেষে গত বুধবার (২৯ এপ্রিল) পরিপূর্ণ সুস্থতার ছাড়পত্র দিয়েছে রংপুর স্বাস্থ্য বিভাগ।

এছাড়া আক্রান্তের মধ্যে রয়েছেন মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন চিকিৎসক ও একজন এসিস্ট্যান্ট এবং বড় হযরতপুর ইউনিয়নে ৫ বছর বয়সী এক ছেলে শিশু।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুন ভুঁইয়া মিঠাপুকুর২৪নিউজ.কমকে বলেন, করোনা পজেটিভ হওয়ার ওই স্বাস্থ্যকর্মীকে নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। তার সংস্পর্শে আসা অন্যান্য ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে রেখে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হবে।

এম২৪নিউজ/আখতার।