
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলার একমাত্র পাটজাত পণ্য তৈরির কারখানা নর্থ বেঙ্গল জুট মিলস্ প্রাইভেট লিমিটেড এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি-১। এর ফলে, পাটজাত পণ্য উৎপাদন করতে পারছেনা কর্তৃপক্ষ। উৎপাদন কাজে নিয়োজিত শ্রমিক ও তাদের পরিবার দিশেহারা হয়ে পড়েছেন। সোমবার (১২ ফেব্রুয়ারী) সংবাদ সম্মেলন করে আবার বিদ্যুৎ সংযোগের দাবি জানিয়েছে কর্তৃপক্ষ।
নর্থ বেঙ্গল জুট মিলস্ প্রাথমিক লিমিটেডের ব্যবস্থাপনা মাহবুবর রহমান সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ‘নর্থ বেঙ্গল জুট মিলস্ প্রাইভেট লিমিটেড কারখানাটির চেয়ারম্যান ছিলেন আবুল কাশেম। পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন বলরাম সাহা ও ওয়াহেদ চৌধুরী। ১৯৯৪ সালের কোম্পানীর আইন অনুযায়ী বর্তমান চেয়ারম্যান খালেদা আক্তার এবং পরিচালক আমি ও মাহফুজার রহমান ২০২২ সালের ২৫ আগষ্ট মালিকানা অজর্ন করি। একই দিন সাবেক চেয়ারম্যান ও পরিচালকগণ অব্যাহতি নেন। পুড়ে যাওয়া যন্ত্রাংশ টানা ৩ মাস মেরামত করে পাটজাত পণ্য উৎপাদন শুরু করি। এতে করে দেশিয় চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানী করে বৈদেশিক মুদ্রা আয়ের পাশাপাশি দেশিয় অর্থনীতিতে ভূমিকা পালর করছে। জুট মিলের ব্যাপক সংস্করণ ও রপ্তানীমুখী হওয়ার কারণে সুনাম বেড়ে যাওয়ায় সাবেক চেয়ারম্যান ও পরিচালকদ্বয় নানা ষড়যন্ত্র করেন। ২০২৩ সালের জুলাই মাসে আমাকে মিলটি তাদের কাছে বিক্রির প্রস্তাব দেন। কিন্তু প্রস্তাবে রাজী না হওয়ায় আমাকে নানাভাবে ভয়-ভীতি ও হুমিক দিচ্ছেন। এ কারণে, তাঁদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করি। আদালত বিবাদিদের শোকজ এবং জুট মিলসটির স্টাটাসকো রাখার আদেশ দেন। এরপরও তারা জোর করে উৎপাদন বন্ধ ও রপ্তানী কাজে বাধা দিচ্ছেন। পল্লী বিদ্যুৎ বিভাগকে দিয়ে কোন বকেয়া বিল না থাকা স্বত্বেও গত ৯ ফেব্রুয়ারী জুট মিলসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আমি যতদ্রত সম্ভব বিদ্যুৎ সংযোগের দাবি জানাই।’
উৎপাদন ব্যবস্থাপক জুয়েল রানা বলেন, ‘বিদ্যুৎ বিভাগের এমন অমানবিক কাজে এখানে শতশত শ্রমিক বেকার হয়ে পড়েছে। কারখানা চালুর জন্য আমরা অবিলম্বে বিদ্যুৎ সংযোগ চাই।’ সাবেক চেয়ারম্যান আবুল কাশেমের সাথে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করতে রাজী হননি।
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ (শঠিবাড়ী)’র সিনিয়র জেনারেল ম্যানেজার আবুল হোসেন বলেন, ‘কোম্পানীর মালিকানা পরিবর্তন হলেও বিদ্যুতের মালিকানা পরিবর্তন হয়নি। আগের নামেই মেম্বারশীপ আছে। তাই, তাদের আবেদনের প্রেক্ষিতে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’
এম২৪নিউজ/আখতার