স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
১৫ কোটি টাকা পাওনা আদায়ের দাবিতে মানববন্ধন করেছে মিঠাপুকুরের ৯ শতাধিক টার্কি মুরগী খামারী। আজ বুধবার দুপুরে মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এক সপ্তাহের মধ্যে পাওনা টাকা আদায় না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী দেন ক্ষতিগ্রস্থ খামারিরা।
উপজেলা পরিষদ চত্বরের নির্মাণাধীন মডেল মসজিদের সামনে দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন টার্কি মুরগী খামার সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, খামারি আজগার আলী, মিজানুর রহমান রাজু, হযরত আলী ও কামরুজ্জামান।
বক্তারা বলেন, রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডা. সৈয়দ মো. আবু তালেব ও তার সহধর্মিনী মিঠাপুকুর উপজেলা পরিষদের সাবেক সাবেক ভাইস চেয়ারম্যান মওদুদা আক্তার ২০১৮ সালের মার্চ মাসে অক্টালিংক এগ্রো লি. নামে একটি কোম্পানী খোলেন। তারা ৯০ থেকে ৯৯দিনের মেয়াদে ঝুকি বিহীন চুক্তি ভিত্তিক টার্কি খামার ব্যাবস্থাপনায় সর্বনিম্ন ২৫হাজার ৫শ’ থেকে ১০লক্ষ ২০ হাজার টাকার প্যাকেজে ৯ শতাধিক খামারীর কাছ থেকে প্রায় ১৫ কোটি টাকা নিয়ে টার্কি খামার পরিচালনা করেন। চুক্তি ভিত্তিক প্রকল্পের মেয়াদ ৯০ থেকে ৯৯ দিন পূর্ণ হলে তারা খামারিদের পাওনা টাকা পরিশোধ করছেন না।
এমতাবস্থায় ভুক্তভোগী খামারীরা তাদের পাওনা টাকার জন্য গত ৬ মাস ধরে অক্টালিংক এগ্রো লি. কর্তৃপক্ষের কাছে ধর্না দিয়েও কাজ হচ্ছেনা।’ আগামী এক সপ্তাহের মধ্যে পাওনা টাকা না পেলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারী দেন তারা।
