
স্টাফ রিপোর্টার:
মহান বিজয় দিবসে রংপুরের মিঠাপুকুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় মিঠাপুকুর মহাবিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলী শেখ সহ স্থায়ী নেতৃবৃন্দ। পরে, জীবিত ৮২ এবং মৃত ১০০ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা প্রদান করে উপজেলা প্রশাসন।
এদিকে, যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালনের লক্ষে মিঠাপুকুর কেন্দ্রীয় শহীদ মিনারে সুর্যোদয়ের সাথে সাথে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠক। এরপর একই মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শারিরীক কসরত প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
পরে আলোচনা সভা, ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। বিকেলে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এম২৪নিউজ/আখতার