
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
মিঠাপুকুরে জ্যোর্তিবিদ্যার মাধ্যমে ভবিষ্যত বলে দিয়ে ভাগ্যবদলের নামে মানুষের কাছে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ভুয়া জ্যোতিশীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ।
করোনাভাইরাস সংক্রমণ আতঙ্কের মাঝেও শতশত মানুষ জড়ো করে প্রতারণা করায় ইউএনও’র নির্দেশে রোববার দুপুরে আস্তানায় হানা দেয় পুলিশ।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাঁঠালী মধ্যপাড়া গ্রামের তরনী কান্তের ছেলে রুহিত চন্দ্র নিজেকে একজন জ্যোর্তিবিদ হিসেবে জাহির করেছেন। তিনি অলৌকিক শক্তির মাধ্যমে মানুষের ভবিষ্যত বলে দিতে পারেন বলে প্রচার করেন। তার বাড়িতে একটি বিশাল আস্তান গড়ে তোলেন। অনেক সহজ-সরল মানুষ ওই আস্তানায় গিয়ে প্রতারণার শীকার হয়েছেন। দীর্ঘদিন ধরে এ কাজ করে ওই ভূয়া জ্যোতিশী অঢেল সম্পদের মালিক হয়েছেন।
স্থানীয় বাসিন্দা রুমেন ইসলাম, সাজু মিয়া, জাহাঙ্গীর আলম, লাবলুসহ অনেকে বলেন, ভূয়া জ্যোতিশী রুহিত চন্দ্র টাকার বিনিময়ে একটি মাস্তান বাহিনী গড়ে তুলেছেন। এভাবে মানুষের কাছে টাকা হাতিয়ে নিচ্ছে। পেটোয়া বাহিনীর ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায়না।
তারা আরও বলেন, বর্তমাণে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করছে। এই মাদুর্যোগের মাঝেও রুহিত চন্দ্র শত শত মানুষ তার আস্তানায় জড়ো করে এলাকায় বিপদ বাড়িয়ে তুলেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তার আস্তানা বন্ধ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা।’
বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে অভিযুক্ত রুহিতের ব্যবহৃত ফোনসেট বন্ধ পাওয়া যায়।
মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মামুন ভূঁইয়া বলেন, জ্যোর্তিবিদ্যার মাধ্যমে ভাগ্যবদলের কথা বলে মানুষকে প্রলুদ্ধ করা আইনবিরোধী কাজ। এমনিতে করোনা আতঙ্কে জনসমাগম নিষিদ্ধ রয়েছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠিয়ে ওই জ্যোতিশীর বাড়িতে জনসমাগম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
এম২৪নিউজ/আখতার