
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুরের মিঠাপুকুরে শ্রী শ্রী গৌর গোবিন্দ জিউ কেন্দ্রীয় মন্দিরের জায়গা বেদখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শঠিবাড়ী হরিপুর সাহাপাড়া গ্রামে। মন্দির কমিটি বেদখলকৃত জায়গা উদ্ধারের জন্য থানায় অভিযোগ করেছেন।
প্রাপ্ত অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, প্রায় ৪০ বছর যাবৎ শঠিবাড়ী হরিপুর মৌজার ১৬৪১/১১৮৭ দাগের জমিতে এলাকার সনাতন ধর্মাবলম্বী মানুষেরা শ্রী শ্রী গৌর গোবিন্দ জিউ কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠা করে পুজা অর্চনা ও ধর্মীয় অনুষ্ঠানাদি করে আসছেন। এমতাবস্থায় অরুন কুমার রায় রেজিষ্ট্রি দলিলমুলে মন্দিরের নামে ওই ৩ শতক জমি দান করেন। সম্প্রতি মন্দিরের পাশে শঠিবাড়ী বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরেন্দ্রনাথ সাহা বহুতল বিশিষ্ট ভবন নির্মান শুরু করেন। ভবনের ছাদ মন্দিরের উপরে চলে আসায় এবং মন্দিরের সামন দিয়ে ওই ভবনের মুল গেট নির্মান করায় গ্রামবাসীরা বাধা দেন। মন্দিরের পুজা অর্চনা ও ধর্মীয় অনুষ্ঠানাদির কার্য্যক্রমে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হবে বলেও হরেন্দ্রনাথ সাহাকে জানান তারা। কিন্তু তাদের কথায় কর্নপাত না করে নির্মান অব্যাহত রাখেন তিনি। ফলে ওই মন্দির কমিটির সভাপতি অনুকুল চন্দ্র বর্মন মিঠাপুকুর থানায় লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে অভিযুক্ত শঠিবাড়ী বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরেন্দ্রনাথ সাহা বলেন, ওই মন্দির ও জায়গা তার পৈতৃক সম্পত্তি। তাদের সম্পত্তিতে তারা কি করবেন না করবেন সেটা তাদের ব্যাপার। মন্দিরের কমিটির বিষয়ে তিনি বলেন, মন্দির কমিটির সভাপতি দাবীকারী অনুকুল চন্দ্র বর্মনকে আমি চিনি না। পরে এবিষয়ে অনুকুল চন্দ্র বর্মনের কাছে জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ওই মন্দিরের সভাপতি হিসাবে আমি দ্বায়িত্ব পালন করছি। মন্দিরের বিদ্যুৎ বিলসহ মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমও আমার নামে পরিচালিত হচ্ছে। আমরা যাতে ওই মন্দিরে সুষ্ঠভাবে এবং ধর্মীয় ভাব-গাম্ভীর্য বজায় রেখে ধর্মীয় উৎসবাদি পালন করতে পারি, সে ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি। এছাড়াও মন্দিরের ৩শতক জমির মধ্যে অবৈধ দখলকৃত জমিটুকু উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান বলেন, যেহেতু জমি-জমা সংক্রান্ত বিষয় সেহেতু বিষয়টি সহকারী কমিশনার (ভুমি) এর মাধ্যমে সমাধান করার জন্য তাকে পরামর্শ দিয়েছি। সমাধান না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে।
এম২৪নিউজ/আখতার