মিঠাপুকুরে মাইক্রোবাস-মোটরসাইকেল-বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২

স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):

রংপুরের মিঠাপুকুরে মাইক্রোবাস, মোটরসাইকেল ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় মতিয়ার রহমান (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো দুইজন।

আজ শুক্রবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কের জায়গীর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মতিয়ার রহমান উপজেলার লতীবপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে জমি থেকে সবজি তুলে বিক্রির উদ্যেশ্যে বাইসাইকেলযোগে জায়গীর বাজারে নিয়ে যাচ্ছিলেন কৃষক মতিয়ার রহমান। জায়গীর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে একটি চলন্ত মোটরসাইকেল ও ঢাকাগামী একটি মাইক্রোবাসের সাথে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন কৃষক মতিয়ার রহমান। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জখম হন দুই মোটরসাইকেল আরোহী।

মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।