
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে মাপে তেল কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে মেসার্স ড্রীম প্লাস ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিএসটিআই রংপুর এবং উপজেলা প্রশাসন, মিঠাপুকুর এর যৌথ উদ্যোগে এক অভিযানে মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এই জরিমানা করেন।
তিনি জানান, মেসার্স ড্রীম প্লাস ফিলিং স্টেশনে অভিযান পরিচালনাকালে অকটেন ইউনিট প্রতি ১০ লিটারে ১৩০ মিলিলিটার তেল কম দেওয়ার প্রমাণ পাওয়ায় পাম্প মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরবর্তীতে মাপে কম দেওয়া থেকে বিরত থাকতে ও মূল্য তালিকা প্রদর্শন, ধার্যকৃত মূল্যের অধিক দামে তেল বিক্রি না করা, ভেজাল ও নকল তেল বিক্রি না করার জন্য ওই এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় অভিযানে।
এ সময় প্রসিকিউটর হিসেবে ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) মোঃ আলমাস মিয়া ও ফিল্ড অফিসার সিএম খন্দকার মোঃ জামিনুর রহমান।
এম২৪নিউজ/আখতার