মিঠাপুকুরে যৌথবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, পীরগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন মেহেদী জহুর এর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যের একটি যৌথ দল উপজেলার সুলুঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মমিন (৪৪) নামের একজনকে আটক করে। তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা, বিয়ার ও জাল টাকা উদ্ধার করে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি এলাকায় মাদক কারবারে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অভিযানের সময় সে পালানোর চেষ্টা করলেও যৌথবাহিনীর সদস্যরা তাকে ঘিরে ফেলেন এবং গ্রেফতার করতে সক্ষম হন।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে যৌথবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পীরগঞ্জ সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন জহুর আলী।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply