মিঠাপুকুরে রিটার্নিং কর্মকর্তাকে মারপিটের ঘটনায় মামলা, আটক ১

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা হেমন্ত কুমার রায়ের উপর হামলা চালিয়ে তাকে মারপিট করে লাঞ্চিত করেছেন পরাজিত প্রার্থীর সমর্থকরা।

গতকাল মঙ্গলবার সন্ধা ৬ টার দিকে উপজেলা প্রানী সম্পদ অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলা শিকার ওই কর্মকর্তা থানায় একটি মামলা দায়ের করেছেন।

আজ বুধবার দুপুরে মোরশেদ আলম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

উপজেলা প্রানী সম্পদ কার্যালয় ও পুলিশ সূত্রে জানা যায়, সদ্য শেষ হওয়া সপ্তম ধাপে অনুষ্ঠিত মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা হেমন্ত কুমার রায়। ওই ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য প্রার্থী বক প্রতীকের সোবানা বেগমকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষনা করা হয়।

ওই ফলাফল প্রকাশে অনিয়মের অভিযোগ তুলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালগাছ প্রতীকের শাহীনুরী বেগমের সমর্থকরা মঙ্গলবার সন্ধা ৬টার দিকে উপজেলা প্রানী সম্পদ অফিসে এসে রিটার্নিং কর্মকর্তা হেমন্ত কুমার রায়কে গালিগালাজ ও টানা হেচড়াসহ মারপিট করে লাঞ্চিত করেন। স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীর পালিয়ে যায়।

এ ঘটনায় মঙ্গলবার রাতে পরাজিত প্রার্থী শাহীনুরী বেগম ও তার স্বামী কফিল উদ্দিনসহ অজ্ঞাত ৮-১০ জনকে আসামী করে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করেন হেমন্ত কুমার রায়।

আজ বুধবার দুপুরে পরাজিত প্রার্থী শাহীনুরী বেগমের ছেলে মোরশেদ আলমকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা হেমন্ত কুমার রায় বলেন, মঙ্গলবার সন্ধায় পরাজিত প্রার্থীর সমর্থকরা আমার অফিসে এসে ফলাফল পুনর্গণনার দাবি করেন। কিন্তু আমি তো পুনর্গণনা করার কেউ না। তাদের কর্তৃপক্ষের কাছে পুনর্গণনা জন্য আবেদন করার পরামর্শ দেই। এরপর তারা কোন কথা না শুনে আমার উপর হামলা চালায়।

মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহামান বলেন, এ ঘটনায় প্রানী সম্পদ কর্মকর্তা বাদি হয়ে পরাজিত প্রার্থী শাহীনুরী বেগম ও তার স্বামী কফিল উদ্দিনসহ অজ্ঞাত ৮/১০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। অভিযান চালিয়ে পরাজিত প্রার্থীর ছেলে মোরশেদ আলমকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

এম২৪নিউজ/আখতার

২ thoughts on “মিঠাপুকুরে রিটার্নিং কর্মকর্তাকে মারপিটের ঘটনায় মামলা, আটক ১

Leave a Reply